× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি নিয়ে ইউজিসির নতুন নির্দেশনা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ মিনিট আগে

পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি নিয়ে ইউজিসির নতুন নির্দেশনা

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব আইন, সংবিধি ও বিধি-বিধান অনুসরণ করে ভর্তি কার্যক্রম পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে। এ বিষয়ে গত ৯ নভেম্বর বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সভায় নেওয়া সিদ্ধান্ত বাতিল করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সভাপতিত্বে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কার্যক্রম পরিচালনা সংক্রান্ত এক বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় কমিশনের সব সদস্য এবং ভার্চুয়ালি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যরা অংশ নেন।

ইউজিসির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ জামিনুর রহমান এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। সভায় গত ৯ নভেম্বর ইউজিসিতে অনুষ্ঠিত উপাচার্যদের সভায় নেওয়া সিদ্ধান্ত পুনর্বিবেচনা এবং ভর্তি কার্যক্রম পরিচালনার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

এর আগে ৯ নভেম্বরের সভায় ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফল পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ২০২৬-২৭ শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে ভর্তি পরীক্ষা না নেওয়ার অনুরোধ জানানো হয়েছিল। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক স্বাধীনতা অক্ষুণ্ন রেখে নিজ নিজ আইন, বিধি-বিধান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ভর্তি কার্যক্রম পরিচালনার বিষয়টিও উল্লেখ করা হয়।

তবে ওই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সৃষ্ট ভুল-বোঝাবুঝি নিরসন এবং ভর্তি কার্যক্রম পরিচালনার বিষয়ে স্পষ্টীকরণের লক্ষ্যে বুধবার বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কার্যক্রম পরিচালনার আইনগত ও প্রাতিষ্ঠানিক ক্ষমতা এবং একাডেমিক স্বায়ত্তশাসনের বিষয়গুলো পর্যালোচনা করা হয়।

বিস্তারিত আলোচনা শেষে সভায় সর্বসম্মতিক্রমে তিনটি সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে প্রথমটি হলো, গত ৯ নভেম্বরের সভায় গৃহীত সিদ্ধান্ত বাতিল করা। দ্বিতীয় সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব আইন, সংবিধি, বিধি, প্রবিধান, নীতিমালা এবং যথাযথ একাডেমিক কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুসরণ করে ভর্তি কার্যক্রম পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে।

সভায় আরও বলা হয়, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম পরিচালনা ও একাডেমিক বিষয়ে প্রযোজ্য আইনগত কাঠামোর মধ্যে তাদের স্বায়ত্তশাসন ও স্বাধীনতা রয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোর আইনগত ক্ষমতা, একাডেমিক স্বায়ত্তশাসন এবং শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় নিয়ে ভর্তি কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা