নোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ১৭ মিনিট আগে
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অর্থনীতি বিভাগে ‘এলিনরস কমন কর্নার’ নামে একটি টি-স্টল উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) দুপুর ২টায় বিভাগের উদ্যোগে স্টলটির উদ্বোধন করা হয়। বিভাগীয় চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মোকাম্মেল করিম তৌফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম রব্বানী।
বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হাছান উদ্দীন। এ ছাড়া উপস্থিত ছিলেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর সরকার, মাহবুব কামরুন ট্রাস্টের নির্বাহী পরিচালক অধ্যাপক জাহিদ হোসেন এবং শিক্ষা প্রশাসন বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক জি এম রাকিবুল ইসলাম।
বিভাগীয় কর্তৃপক্ষ জানায়, মাহবুব কামরুন ট্রাস্টের সহযোগিতায় শিক্ষার্থীদের ক্লাসের বিরতিতে টিফিনের সুবিধা সহজলভ্য করার লক্ষ্যে টি-স্টলটি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থনীতিতে নোবেলজয়ী প্রথম নারী এলিনর অস্ট্রমের নাম অনুসারে স্টলটির নামকরণ করা হয়েছে। শিক্ষার্থীদের পরিচালনায় এ স্টলে সুলভ মূল্যে কফি, লেমন টি, মিল্ক টিসহ বিভিন্ন ধরনের টিফিনের ব্যবস্থা থাকবে। বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি অন্য বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের জন্যও এটি উন্মুক্ত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
স্টলটির স্থায়ী ব্যয় বিভাগ বহন করবে এবং পরিচালন ব্যয় বহন করবেন শিক্ষার্থীরা। লাভের অর্থ ভাগাভাগির ভিত্তিতে এটি পরিচালিত হবে বলেও জানায় বিভাগীয় কর্তৃপক্ষ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম রব্বানী বলেন, ‘অর্থনীতি বিভাগ যে উদ্যোগ নিয়েছে, তাকে সাধুবাদ জানাই। পাশাপাশি অন্যান্য বিভাগও যেন এ ধরনের উদ্যোগ নেয়। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের আদলে এমন শিক্ষার্থীবান্ধব উদ্যোগ প্রশাসনের কাজ কিছুটা হলেও সহজ করে। প্রশাসনের পক্ষ থেকেও শিক্ষার্থীবান্ধব কার্যক্রম চলমান রয়েছে। অর্থনীতি বিভাগ নিজ দায়িত্বে কাজটি সম্পন্ন করায় তাদের ধন্যবাদ জানাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘২০২৮ সালের দিকে একাডেমিক ভবন-৩-এর কাজ সম্পন্ন হবে বলে আশা করছি। তখন অর্থনীতি বিভাগকে ভালো একটি জায়গা দিতে পারব বলেও আশা করছি।’
বিভাগীয় চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মোকাম্মেল করিম তৌফিক বলেন, ‘এলিনর অস্ট্রম প্রথম নারী হিসেবে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন। তিনি কমন্স নিয়ে কাজ করেই নোবেল পেয়েছেন। তার নামেই আমাদের স্টলটির নামকরণ করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের কিছুটা সহযোগিতা করার প্রত্যয় নিয়ে তাঁদের সঙ্গে আলোচনা করেই এ উদ্যোগ নিয়েছি। এটি ব্যবসায়িক উদ্দেশ্যে নয়; বরং সম্পূর্ণ শিক্ষার্থীদের পরিচালনায় থাকবে। লাভের বেশির ভাগ অংশ শিক্ষার্থীদের কাছেই যাবে। এর মাধ্যমে অসচ্ছল শিক্ষার্থীদের কয়েকজনও স্বাবলম্বী হতে পারবেন।’
অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সাবিকুন্নাহার হাফসা বলেন, ‘বিভাগীয় চেয়ারম্যানের উদ্যোগে কর্নারটি চালু করায় স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। ক্লাসের অবসর সময়ে বিভাগেই চা-কফির ব্যবস্থা থাকলে আমাদের বাইরে যেতে হবে না। বিভাগেই আড্ডা ও আলোচনার সুযোগ তৈরি হবে।’