হাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ১৩ মিনিট আগে
ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে র্যালি ও সমাবেশ করেছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) পরিবার।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে র্যালিটি শুরু হয়। পরে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এনামউল্ল্যা, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নওশের ওয়ান, ট্রেজারার অধ্যাপক ড. মো. মাসুদুল হাসান খান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু হাসান এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. ফারুক হাসানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এ ছাড়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি এহেসানুল কবির অর্ণব, সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুকুনুজ্জামান রুকুসহ সংগঠনটির অন্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
সমাবেশে উপাচার্য অধ্যাপক ড. এম এনামউল্ল্যা বলেন, ‘ফ্যাসিবাদমুক্ত হওয়ার দুই বছর পরও আমাদের ফ্যাসিবাদী শক্তির আতঙ্কে থাকতে হচ্ছে। তারা নাশকতা সৃষ্টির চেষ্টা করছে। এর জন্য আমাদেরও দায় রয়েছে। আমরা তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে পারিনি। আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে তারা রাস্তায় নামার চেষ্টা করছে। আমরা নিয়ম অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। তবে ব্যবস্থা নিতে গিয়ে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। এতে তারা সুযোগ খোঁজার চেষ্টা করবে।’
তিনি আরও বলেন, ‘জুলাইয়ে হামলাকারী শিক্ষক-শিক্ষার্থীদের বিচার নিশ্চিত করতে ইতোমধ্যে আমরা কমিটি করেছি। সবাইকে ধৈর্য ধরে রাখার আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে কেউ যদি ফ্যাসিবাদী গোষ্ঠীর সঙ্গে যুক্ত হয়ে হাবিপ্রবি ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা করে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নওশের ওয়ান বলেন, ‘দেশের যেকোনো অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রধানমন্ত্রীর পাশে আছি। প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করতে চাই, আপনি ভয় পাবেন না। জুলাইয়ে যেভাবে আমরা রাজপথে নেমে এসেছিলাম, প্রয়োজনে ছাত্রসমাজ ও আপামর জনতা আবারও ফ্যাসিবাদী অপশক্তির নাশকতা রুখে দিতে রাজপথে নেমে আসবে।’
ট্রেজারার অধ্যাপক ড. মো. মাসুদুল হাসান খান বলেন, ‘আজ যে অপশক্তির বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি, তাদের বিরুদ্ধে লড়াই নতুন নয়। বিগত ১৭ বছর জাতীয়তাবাদী শক্তি তাদের বিরুদ্ধে লড়াই করেছে। দীর্ঘ লড়াই শেষে গত জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশে একটি গণতান্ত্রিক সরকার নির্বাচিত হয়েছে। কিন্তু আবারও ফ্যাসিবাদী গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।’
তিনি আরও বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের পিতা যেভাবে সংকট থেকে দেশকে উদ্ধার করেছেন, সেভাবে তিনিও সামনে থেকে নেতৃত্ব দেবেন বলে আমরা আশা করি। আমরা জাতীয়তাবাদী শক্তির পক্ষে সব সময় প্রস্তুত আছি।’