শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকের ২ লাখ ৫৩ হাজার ৯৪৫টি পদ শূন্য রয়েছে। এর মধ্যে সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও মাদ্রাসা রয়েছে। শিক্ষক সংকট নিরসনে এসব শূন্যপদ পূরণের পাশাপাশি যোগ্য নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে পর্যায়ক্রমে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত শিক্ষক নিয়োগ ও পদায়নের সুযোগ তৈরি হবে।
জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্যদের পৃথক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বুধবার এসব তথ্য জানান। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে মন্ত্রীদের প্রশ্নোত্তর পর্ব টেবিলে উপস্থাপিত হয়।
সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলামের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকের ৩ হাজার ৪৮টি পদ শূন্য রয়েছে। বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শূন্যপদের সংখ্যা ৮৫ হাজার ৩৩৩টি, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ১৪ হাজার ৬৯৭টি এবং মাদ্রাসায় ১ লাখ ১ হাজার ৮৭৩টি।
তিনি জানান, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শূন্যপদের তথ্য বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে সংগ্রহ করা হয়। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সংকট নিরসনে শূন্যপদের তালিকা সরকারি কর্ম কমিশনে (পিএসসি) পাঠানোর জন্য শিক্ষা মন্ত্রণালয়ে তথ্য পাঠানো হয়েছে।
শিক্ষামন্ত্রী বলেন, এনটিআরসিএ পরবর্তী গণবিজ্ঞপ্তির মাধ্যমে শূন্যপদে নতুন শিক্ষক নিয়োগের সুপারিশ করবে। এ ছাড়া বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৭৫ হাজার ৭৩৮টি শিক্ষক পদের চাহিদা পাওয়া গেছে। সংশ্লিষ্ট বিধিমালা ও পরিপত্র সংশোধন করে শিগগির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধানের ১১ হাজার ১৫১টি পদ পূরণের কার্যক্রমও চলমান রয়েছে।
সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলামের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, শিক্ষকের অভাবে আর্থিক সংকটে থাকা যোগ্য নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত নীতিমালার আলোকে পর্যায়ক্রমে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত রয়েছে। এর মাধ্যমে এসব প্রতিষ্ঠানে নিয়মিত শিক্ষক পদায়নের সুযোগ সৃষ্টি হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক সংকট নিরসন একটি সার্বিক ও পর্যায়ক্রমিক প্রক্রিয়া। কোম্পানীগঞ্জ ও কবিরহাটসহ দেশের সব এলাকায় দ্রুততম সময়ে এ উদ্যোগ বাস্তবায়নের চেষ্টা করা হবে।
যশোর-১ আসনের সংসদ সদস্য মুহাম্মদ আজীজুর রহমানের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, দেশে ৮ হাজার ২২৯টি এমপিওভুক্ত মাদ্রাসার সংযুক্ত ইবতেদায়ি শাখায় প্রায় ১৫ হাজার শিক্ষার্থী পড়াশোনা করে। এ ছাড়া অনুদানভুক্ত ও অনুদানবিহীন ৭ হাজার ৭৭টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসায় প্রায় ১০ লাখ শিক্ষার্থী রয়েছে।
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, দেশের ক্যাডেট কলেজগুলোতে একজন শিক্ষার্থীর পেছনে সরকারের বার্ষিক ব্যয় ৫ লাখ ৩৪ হাজার ৪৩ টাকা। সে হিসাবে মাসিক ব্যয়ের পরিমাণ ৪৪ হাজার ৫০৪ টাকা। ক্যাডেট কলেজগুলো আবাসিক ও সরকার নিয়ন্ত্রিত হওয়ায় শিক্ষার্থীদের খাবার, আবাসন, শিক্ষা, খেলাধুলা ও অন্যান্য সহশিক্ষা কার্যক্রমে এ অর্থ ব্যয় হয়।
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মোছা. সাবিরা সুলতানার প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, দেশের ইংলিশ মিডিয়াম বা আন্তর্জাতিক কারিকুলামের স্কুলগুলোর প্রায় ৭০ শতাংশের যথাযথ নিবন্ধন বা অনুমোদন নেই। এসব প্রতিষ্ঠানকে জবাবদিহির আওতায় আনতে কাজ করছে সরকার। বিদেশি কারিকুলাম ও ইংরেজি মাধ্যমের স্কুলগুলোর জন্য অভিন্ন নীতিমালা প্রণয়নের কাজ চলছে। পাশাপাশি অনুমোদনহীন ও নিবন্ধনবিহীন প্রতিষ্ঠানগুলোকে বাধ্যতামূলক নিবন্ধনের আওতায় আনার প্রক্রিয়াও চলমান রয়েছে।
কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিনের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার সুযোগ-সুবিধার ক্ষেত্রে শহর ও গ্রামের মধ্যে এখনো কিছুটা বৈষম্য রয়েছে। শহরের তুলনায় গ্রামীণ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ভৌত অবকাঠামো, দক্ষ ও বিষয়ভিত্তিক শিক্ষকের পর্যাপ্ততা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারে সীমাবদ্ধতা রয়েছে। এ বৈষম্য নিরসনে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে।