শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ৭ মিনিট আগে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণাবিষয়ক সাময়িকী টাইমস হায়ার এডুকেশনের (টিএইচই) ‘ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র্যাঙ্কিং ২০২৭’-এ প্রথমবারের মতো বাংলাদেশের সেরা ১০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান পেয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। বৈশ্বিক তালিকায় ৪০১–৫০০তম অবস্থানের ব্যান্ডে রয়েছে বিশ্ববিদ্যালয়টি। দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পঞ্চম এবং সরকারি-বেসরকারি মিলিয়ে দশম অবস্থানে রয়েছে শাবিপ্রবি।
২০২৫ সাল থেকে প্রকাশিত এ র্যাঙ্কিংয়ের আগের দুই সংস্করণে শাবিপ্রবির নাম ছিল না। এবারই প্রথমবারের মতো তালিকায় জায়গা করে নিয়েছে বিশ্ববিদ্যালয়টি।
বুধবার (১৮ নভেম্বর) টাইমস হায়ার এডুকেশনের ওয়েবসাইটে এ র্যাঙ্কিং প্রকাশ করা হয়। এবারের তালিকায় বিশ্বের ১০২টি দেশ ও অঞ্চলের মোট ১ হাজার ৫৮টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এর মধ্যে বাংলাদেশের ১৫টি বিশ্ববিদ্যালয় রয়েছে।
র্যাঙ্কিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বৈশ্বিক তালিকায় বিশ্ববিদ্যালয়টির অবস্থান ১১৮তম। এ ছাড়া দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ, তৃতীয় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, চতুর্থ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং পঞ্চম গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়। ষষ্ঠ স্থানে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি-বাংলাদেশ, সপ্তম রাজশাহী বিশ্ববিদ্যালয়, অষ্টম ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি, নবম যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং দশম স্থানে রয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
র্যাঙ্কিংয়ে শাবিপ্রবির সামগ্রিক স্কোর ৩৮ দশমিক ৪ থেকে ৪১ দশমিক ৫-এর মধ্যে। তিনটি মূল্যায়ন ক্ষেত্রের মধ্যে ইনপুটে বিশ্ববিদ্যালয়টির স্কোর ১০ দশমিক ২, প্রসেসে ৩৭ দশমিক ৫ এবং আউটপুটে ৪৮ দশমিক ৪। ইনপুটে গবেষণায় বিনিয়োগ, প্রসেসে গবেষণা পরিচালনার পরিবেশ ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা এবং আউটপুটে গবেষণার ফলাফল ও প্রভাবের ভিত্তিতে এ স্কোর নির্ধারণ করা হয়েছে।
আন্তবিষয়ক বিজ্ঞান গবেষণায় বিশ্ববিদ্যালয়গুলোর বিনিয়োগ, গবেষণা পরিচালনার পরিবেশ এবং গবেষণার ফলাফল ও প্রভাবের ভিত্তিতে এ র্যাঙ্কিং তৈরি করা হয়। এতে তিনটি ক্ষেত্রে মোট ১১টি সূচকে বিশ্ববিদ্যালয়গুলোকে মূল্যায়ন করা হয়। সামগ্রিক মূল্যায়নে ইনপুটে ১৯ শতাংশ, প্রসেসে ১৬ শতাংশ এবং আউটপুটে ৬৫ শতাংশ গুরুত্ব দেওয়া হয়েছে। গবেষণায় অর্থায়ন, প্রাতিষ্ঠানিক সুযোগ-সুবিধা, প্রশাসনিক সহযোগিতা, গবেষণাপত্রের সংখ্যা ও মান, ব্যবহারিক প্রভাব এবং গবেষকদের কাছে বিশ্ববিদ্যালয়ের সুনাম বিবেচনা করা হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম বলেন, টাইমস হায়ার এডুকেশনের আন্তবিষয়ক বিজ্ঞান গবেষণা র্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো শাবিপ্রবির সেরা দশে স্থান পাওয়া বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরবের। শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ভিজিটিং প্রফেসর ও অ্যাডজান্ট ফ্যাকাল্টি হিসেবে শিক্ষক ও গবেষক নিয়োগের কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন বিদেশি অধ্যাপককে আমন্ত্রণ জানানো হলে তিনি সম্মতি দিয়েছেন। এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান এবং আন্তর্জাতিক পরিচিতি আরও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।