পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ১২ মিনিট আগে
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ‘স্মার্ট অফিস ব্যবস্থাপনা: প্রশাসনিক দক্ষতা, পেশাদারিত্ব ও সেবার মানোন্নয়ন’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স কক্ষে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আতিকুর রহমান। এতে সভাপতিত্ব করেন আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মাহবুব রব্বানী। সঞ্চালনা করেন আইকিউএসি অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. নেছার উদ্দিন।
কর্মশালায় সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত স্মার্ট অফিস ব্যবস্থাপনা, প্রশাসনিক দক্ষতা, পেশাগত যোগ্যতা, স্বচ্ছতা ও জবাবদিহি বিষয়ে আলোচনা করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পরিচালক ড. সুলতান মাহমুদ ভূঁইয়া। দুপুর ২টা থেকে বিকাল ৩টা ১৫ মিনিট পর্যন্ত পেশাগত নৈতিকতা, সুশাসন, মানসম্মত সেবা ও প্রাতিষ্ঠানিক উৎকর্ষ বিষয়ে আলোচনা করেন ইউজিসির অতিরিক্ত পরিচালক ড. মো. মহিবুল আহসান। পরে বিকাল ৩টা ১৫ মিনিট থেকে ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নাগরিক সনদ ও সেবার মানদণ্ড নিয়ে আলোচনা করেন রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের প্রাণ হলো একাডেমিক কার্যক্রম। আর সেই কার্যক্রমকে সচল, গতিশীল ও সফল করার মূল চালিকাশক্তি হলো প্রশাসন। সহকারী রেজিস্ট্রার ও সেকশন অফিসাররা বিশ্ববিদ্যালয় প্রশাসনের গুরুত্বপূর্ণ অংশ। অফিস ব্যবস্থাপনা ও প্রশাসনিক দক্ষতা শুধু নথিপত্র আদান-প্রদান বা রুটিন কাজের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং প্রতিষ্ঠানের কার্যক্রম সুশৃঙ্খল, গতিশীল ও লক্ষ্যমুখী রাখতে সঠিক পরিকল্পনা গ্রহণ এবং আন্তবিভাগীয় সমন্বয় সাধন করাই এর মূল উদ্দেশ্য।
তিনি আরও বলেন, সনাতন পদ্ধতির লাল ফিতার দৌরাত্ম্য কমিয়ে ই-নথি, ডিজিটাল যোগাযোগ ও স্মার্ট অফিস বস্থাপনাকে পুরোপুরি আত্মস্থ করতে পারলে কাজের গতি বহুগুণ বেড়ে যাবে।
দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার ও সেকশন অফিসারসহ মোট ১৮০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।