× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চবিতে হীরক জয়ন্তী উদযাপন, মুখোমুখি শিবির-ছাত্রদল

চবি প্রতিনিধি

প্রকাশ : ২২ মিনিট আগে

আপডেট : ৯ মিনিট আগে

চবিতে হীরক জয়ন্তী উদযাপনের মুহুর্ত

চবিতে হীরক জয়ন্তী উদযাপনের মুহুর্ত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৬০ বছর পূর্তি উপলক্ষে নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে হীরকজয়ন্তী।

বুধবার (১৮ নভেম্বর) দিনব্যাপী আনন্দ র‍্যালি, কেক কাটা, স্মৃতিচারণ, প্রামাণ্যচিত্র প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে উৎসবের মধ্যেই অনুষ্ঠানস্থলে মুখোমুখি অবস্থানে দেখা যায় শাখা ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের। এ সময় প্রক্টরিয়াল বডির সদস্যদের দুই পক্ষকে আলাদা করে রাখতে দেখা যায়।

সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে আনন্দ র‍্যালির মধ্য দিয়ে হীরক জয়ন্তীর আয়োজন শুরু হয়। র‍্যালিটি শহীদ মিনার চত্বর থেকে অগ্রণী ব্যাংক মোড় ও নিরাপত্তা দপ্তর মোড় হয়ে কেন্দ্রীয় খেলার মাঠে গিয়ে শেষ হয়। সেখানে  কেক কাটা হয়। 

ম্যাগাজিনে চাকসুর পঞ্চম ক্যাবিনেটের ছবি না থাকার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আল-ফোরকান বলেন, ‘চবির ৬০ বছরে আমাদের যে স্মারক প্রকাশিত হয়েছে, তাতে অনিচ্ছাকৃতভাবে পঞ্চম সংসদের ছবি বাদ পড়েছে। এর জন্য দুঃখিত। এ ধরনের বিষয় যাতে না ঘটে, আমরা তা দেখব।’

অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, ‘চবিতে গবেষণাভিত্তিক কাজ বাড়াতে হবে, যাতে তা অর্থনীতিতে ভূমিকা রাখতে পারে। এটি সরকারের পরিকল্পনায় রয়েছে। টিএসসি অনুমোদন হয়েছে। ছাত্রাবাসের যে পরিকল্পনা নিয়ে কথা হয়েছে, তা দ্রুত বাস্তবায়ন হবে। যাতায়াতের বিষয়ে মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। যাতায়াতের ব্যবস্থা করা হবে।’

অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘রাষ্ট্রীয় কাজ থাকায় আসতে পারিনি। তবে আনন্দের বিষয়, ৬০ বছর হয়ে গেছে। এ বিশ্ববিদ্যালয়ের সম্ভাবনাকে কীভাবে কাজে লাগাতে পারি, তা নিয়ে ভাবতে হবে। অ্যালামনাই আছে, শিক্ষক আছেন, অনেক সমৃদ্ধ। এত সুন্দর জায়গায় অবস্থিত ক্যাম্পাস খুব কম বিশ্ববিদ্যালয়েরই আছে। এটিকে আরও কীভাবে উন্নত করা যায়, তা আলোচনার বিষয়। কীভাবে ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত করা যায়, বড় ধরনের গবেষণা, কৃষি, সমুদ্র, টেকনিক্যাল ও কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে কীভাবে এগিয়ে নেওয়া যায়।’

অনুষ্ঠান স্থলে মুখোমুখি শিবির-ছাত্রদল

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মিছিল নিয়ে হীরক জয়ন্তীর অনুষ্ঠানস্থলে আসে শাখা ছাত্রশিবিরের নেতাকর্মীরা। এ সময়  মুখোমুখি অবস্থানে দেখা শাখা ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রক্টরিয়াল বডির সদস্যদের দুই পক্ষের মাঝে অবস্থান নিয়ে হাত দিয়ে আলাদা করে রাখতে দেখা যায়।

এ সময় শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিনকে শিবিরের সভাপতিকে উদ্দেশ করে বলতে শোনা যায়, ‘রনি, তোমার ছেলেরা আমাদের ধাক্কা দিয়েছে।'

এ বিষয়ে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর উদযাপন করছি আমরা। আমাদের বড় ভাইয়েরা এসেছেন, আমরা আনন্দ করব। এ উৎসব নষ্ট করার জন্য মিছিল নিয়ে আসবে, আমরা প্রত্যাশা করিনি। তারা মিছিল নিয়ে এসে ধাক্কাধাক্কি ও আঘাত করে। আমরা পরিস্থিতি অনুযায়ী সেখান থেকে চলে এসেছিলাম। আমরা চাই, উৎসবটা সুন্দরভাবে শেষ হোক।’

মিছিলের ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহীম রনি বলেন, ‘ছাত্রদলের সভাপতি বলেছেন, এখানে মিছিল হলে বিশৃঙ্খলা হতে পারে। আমি তাদের আশ্বস্ত করেছি, আমাদের লোকজন কেউ ঢুকবে না। আমরা শান্তিপূর্ণ ক্যাম্পাস চাই। ছাত্রসংগঠন হিসেবে আমাদের কর্মসূচি থাকবেই। আশা করি, তারা কারও কর্মসূচিতে বাধা দেবেন না। তারা তাদেরটা পালন করুক, আমরা আমাদেরটা পালন করি স্বাভাবিকভাবে।’

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. কামরুল হোসেন বলেন, ‘এটা তেমন কিছু হয়নি। কেন্দ্রীয় খেলার মাঠে শাখা ইসলামী ছাত্রশিবিরের একটি আনন্দমিছিল প্রবেশ করছিল। সে সময় শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে কিছু কথা হয়। এর পরিপ্রেক্ষিতে দুই পক্ষের মধ্যে কিছুটা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। তবে কেউ আহত হননি। আমরা মাঝখানে মধ্যস্থতা করার পরপরই দুই পক্ষ নিজেদের মতো চলে গেছে।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা