শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ১১ মিনিট আগে
‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছয়টি লেক ও পুকুরে ১০০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনসংলগ্ন লেকে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সিলেট জেলা মৎস্য কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। এ সময় জেলা মৎস্য কর্মকর্তা সীমা রাণী বিশ্বাস উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম বলেন, ‘শাবিপ্রবি ক্যাম্পাসের প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় জলাশয়গুলোর ভূমিকা রয়েছে। ক্যাম্পাসের জীববৈচিত্র্য সমৃদ্ধ করতে আমাদের এই উদ্যোগ। আশা করি, শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার সচেতনতায় জলাশয়গুলো আরও প্রাণবন্ত হয়ে উঠবে।’
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফারুক মিয়া, আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. সালমা আক্তার, শাহপরাণ হলের সাবেক প্রভোস্ট অধ্যাপক ড. ইফতেখার আহমদ, বিজয়-২৪ হলের প্রভোস্ট আ. ফ. ম জাকারিয়া, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান অধ্যাপক ড. মনিরুল ইসলাম, সহকারী প্রক্টর অধ্যাপক ড. বেলাল শিকদারসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং জেলা মৎস্য কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ছয়টি জলাশয়ে মোট ১০০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। এর মধ্যে আইআইসিটি ভবনসংলগ্ন লেকে ৪০ কেজি, কেন্দ্রীয় মসজিদের পাশের দুটি পুকুরে ৩২ কেজি, রুদ্র সেন লেকে ১৫ কেজি, বিজয়-২৪ হলের পুকুরে ১০ কেজি এবং দ্বিতীয় ছাত্রী হলের পাশের মসজিদসংলগ্ন পুকুরে ৩ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।