রাবি প্রতিবেদক
প্রকাশ : ১৯ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত অবস্থায় আরও একটি ককটেল উদ্ধার করা হয়েছে। এদিকে আগামী ১৯ নভেম্বর ক্যাম্পাস বন্ধ রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে হুমকি দিয়েছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাবি শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক এলাকায় এ ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহাবুবর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সোয়া ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক এলাকায় হঠাৎ বিকট শব্দে একটি ককটেল বিস্ফোরিত হয়। এ সময় ঘটনাস্থলের পাশেই অবিস্ফোরিত অবস্থায় আরেকটি ককটেল পড়ে থাকতে দেখা যায়।
প্রক্টর অধ্যাপক মাহাবুবর রহমান বলেন, ‘দুটি ককটেলের একটি বিস্ফোরিত হয়েছে এবং অন্যটি অবিস্ফোরিত অবস্থায় পাওয়া গেছে। কারা এ বিস্ফোরণ ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। নিরাপত্তা জোরদার করতে ইতোমধ্যে পুলিশ মোতায়েন করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘সিসিটিভি ফুটেজ দেখে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা করা হবে। তবে রাতের বেলায় ফুটেজ দেখে তাদের শনাক্ত করা কঠিন।’
এদিকে ১৯ নভেম্বর ক্যাম্পাস বন্ধ রাখার হুমকির বিষয়ে প্রক্টর বলেন, ‘রাবি ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু আমাকে ১৯ তারিখ ক্যাম্পাস বন্ধ রাখার হুমকি দিয়েছেন।’