× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাওলানা ভাসানীর নামে নতুন আবাসিক হলের দাবিতে রাবি উপাচার্যকে স্মারকলিপি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ মিনিট আগে

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নামে একটি নতুন আবাসিক হলের নামকরণের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের আজ মঙ্গলবার সাধারণ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী সমাজের পক্ষ থেকে ‘মাওলানা ভাসানী ফাউন্ডেশন, রাজশাহী বিশ্ববিদ্যালয়’ উপাচার্য প্রফেসর ড. ফরিদুল ইসলামের কাছে এই স্মারকলিপি পেশ করে।

স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ভাসানী ফাউন্ডেশনের আহ্বায়ক, মেটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এবং বর্তমানে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রো-ভিসি) প্রফেসর ড. জি. এম. শফিউর রহমান, সদস্যসচিব ও শাহ মখদুম হলের প্রাধ্যক্ষ প্রফেসর ড. সরওয়ার জাহান লিটন, সদস্য প্রফেসর ড. শফিকুল ইসলাম এবং দর্শন বিভাগের সভাপতি মোহাম্মদ আরিফুল ইসলাম।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ১৭ নভেম্বর মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী। তিনি উত্তরবঙ্গের সিরাজগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে ১৯৫২-র ভাষা আন্দোলন, ১৯৫৭-র কাগমারী সম্মেলন এবং ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধসহ এ দেশের প্রতিটি প্রগতিশীল ও গণআন্দোলনে তার ঐতিহাসিক অবদান রয়েছে। তিনি আজীবন কৃষক-শ্রমিক ও সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় আপসহীন লড়াই করেছেন। 

এ ছাড়া ১৯৭৬ সালে ভারতের ফারাক্কা বাঁধ নির্মাণের প্রতিবাদে রাজশাহীর মাদ্রাসা ময়দান থেকে চাঁপাইনবাবগঞ্জের কানসাট পর্যন্ত ঐতিহাসিক লংমার্চ করে বিশ্বদরবারে ফারাক্কা বাঁধের বিরোধিতার যৌক্তিক দাবি তুলে ধরেন এবং রাজশাহীকে পরিচিত করেন।

স্মারকলিপিতে আরও বলা হয়, বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তীব্র আবাসন সংকটের কারণে সাধারণ শিক্ষার্থীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। এমন পরিস্থিতিতে দ্রুত নতুন আবাসিক হল নির্মাণ সময়ের দাবি। নতুনভাবে নির্মিতব্য বা ভবিষ্যতে নির্মিতব্য যেকোনো একটি আবাসিক হলের নামকরণ উত্তরবঙ্গের এই শ্রেষ্ঠ সন্তানের স্মরণে ‘মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী হল’ রাখা হলে তা শুধু তার প্রতি যথাযথ সম্মান প্রদর্শনই হবে না, বরং নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে তার আদর্শ ও সংগ্রামের চেতনাকে জাগ্রত রাখবে।

এ বিষয়ে দ্রুত ও ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করে একটি নতুন আবাসিক হল প্রতিষ্ঠা এবং তা মাওলানা ভাসানীর নামে নামকরণের জন্য উপাচার্যের কাছে জোর দাবি জানানো হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা