× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হীরকজয়ন্তী উদযাপনে প্রস্তুত চবি, কাল জমকালো আয়োজন

সোহেল রানা, চবি

প্রকাশ : ১২ মিনিট আগে

হীরকজয়ন্তী উদযাপনে প্রস্তুত চবি, কাল জমকালো আয়োজন

৬০ বছরের গৌরবোজ্জ্বল পথচলা। শিক্ষা, গবেষণা, সংস্কৃতি ও ইতিহাসের নানা অধ্যায়ে সমৃদ্ধ দেশের অন্যতম বিদ্যাপীঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। প্রতিষ্ঠার ছয় দশক পূর্তি উপলক্ষ্যে আগামীকাল (১৮ নভেম্বর) বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হবে হীরকজয়ন্তী উৎসব। ক্যাম্পাসজুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নানা বর্ণিল আয়োজনে সেজেছে পুরো ক্যাম্পাস, চারিদিকে উৎসবের আমেজ।

দিনব্যাপী আয়োজনে থাকছে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান। রাতের কনসার্টে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে জনপ্রিয় সংগীতশিল্পী জেমসের পরিবেশনা।

হীরকজয়ন্তীর মূল আয়োজন হবে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে। উৎসবে অংশ নিতে ইতোমধ্যে সাড়ে চার হাজার প্রাক্তন শিক্ষার্থী নিবন্ধন করেছেন। অতিথি ও সাবেক শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে শহর থেকে ক্যাম্পাসে ৫০টি বাস, বিশেষ শাটল ট্রেনের সময়সূচি এবং ক্যাম্পাসের ভেতরে বিনামূল্যে ই-কার সার্ভিসের ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

অনুষ্ঠান নির্বিঘ্ন ও সুশৃঙ্খল করতে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তাব্যবস্থা। পুলিশ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), গোয়েন্দা সংস্থা, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তা বাহিনী ও বিএনসিসির সদস্যরা নিরাপত্তা ও শৃঙ্খলার দায়িত্বে থাকবেন। কেন্দ্রীয় খেলার মাঠজুড়ে স্থাপন করা হবে সিসিটিভি ক্যামেরা। পাশাপাশি পুরো অনুষ্ঠানস্থল পর্যবেক্ষণে মাঠের তিনটি স্থানে ওয়াচ টাওয়ার নির্মাণের কথা রয়েছে।

হীরকজয়ন্তীর উৎসব ঘিরে শিক্ষার্থীদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উচ্ছ্বাস ও প্রত্যাশা। বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আলামিন বলেন, ‘ছয় দশকের পথচলা বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত গৌরবের। হীরকজয়ন্তী উপলক্ষে এমন আয়োজনে আমরা আনন্দিত। এ উৎসবের মধ্য দিয়ে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে একটি মেলবন্ধন তৈরি হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, ঐতিহ্য ও অর্জনগুলো নতুন করে জানার সুযোগ তৈরি হবে।’

স্মৃতি ও আবেগের টানে দীর্ঘদিন পর চিরচেনা ক্যাম্পাসে ফেরার অপেক্ষায় রয়েছেন প্রাক্তন শিক্ষার্থীরা। প্রাক্তন শিক্ষার্থী শহিদুল ইসলাম শহিদ বলেন, ‘দীর্ঘদিন পর আবার প্রাণের ক্যাম্পাসে ফিরব, ভাবতেই ভীষণ ভালো লাগছে। ক্যাম্পাসের প্রতিটি জায়গার সঙ্গে জড়িয়ে আছে জীবনের অসংখ্য স্মৃতি, বন্ধুত্ব আর আবেগ। হীরকজয়ন্তীতে পুরোনো বন্ধু, সহপাঠী ও শিক্ষকদের সঙ্গে আবার দেখা হবে, ভাগাভাগি হবে ফেলে আসা দিনের গল্প।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুল হোসেন বলেন, ‘এ বিশাল আয়োজনে নিরাপত্তা ও শৃঙ্খলার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুরো আয়োজন নির্বিঘ্ন ও সুশৃঙ্খল করতে কয়েক স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। একটি সুশৃঙ্খল ও নিরাপদ আয়োজন নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, ‘ইতোমধ্যে আমাদের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। বর্তমান ও সাবেক শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সবাইকে নিয়ে আগামীকাল জমকালো আয়োজনে হীরকজয়ন্তী উদযাপন করব।’

তিনি আরও বলেন, ‘হীরকজয়ন্তী শুধু ছয় দশক পূর্তি নয়, বরং এটি সমৃদ্ধ ইতিহাস, অতীত ও বর্তমান নিয়ে আলোচনা এবং ভবিষ্যতের রূপরেখা প্রণয়নের উপলক্ষ। আগামী প্রজন্মের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করতে আমি সবার প্রতি উদাত্ত আহ্বান জানাই।’

হীরকজয়ন্তীর আয়োজন ঘিরে পুরো অনুষ্ঠানস্থলে লক্ষাধিক মানুষের সমাগম হতে পারে বলেও জানান উপাচার্য।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা