লোগো: সংগৃহীত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সাতটি ইউনিটের অধীনে বিশ্ববিদ্যালয়ের ৩৭টি বিভাগ ও ইনস্টিটিউটে মোট ১ হাজার ৮৪৮টি আসনের বিপরীতে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব সৈয়দ মোহাম্মদ আলী রেজা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ভর্তি পরীক্ষার আবেদন অনলাইনে শুরু হবে আগামী ২২ নভেম্বর সকাল ১০টায়। আবেদন করা যাবে ১৫ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আগামী বছরের ১০ থেকে ২১ জানুয়ারি (সরকারি ছুটির দিন ছাড়া) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এ’ ইউনিটের অধীনে গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি, ‘বি’ ইউনিটের অধীনে সমাজবিজ্ঞান ও আইন অনুষদ, ‘সি’ ইউনিটের অধীনে কলা ও মানবিকী অনুষদ এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষা হবে। এ ছাড়া ‘সি-১’ ইউনিটের অধীনে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ, ‘ডি’ ইউনিটের অধীনে জীববিজ্ঞান অনুষদ এবং ‘ই’ ইউনিটের অধীনে ব্যবসায় শিক্ষা অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ-জেইউ) পৃথক ইউনিট হিসেবে বিবেচিত হবে।
এ বছর ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ ইউনিটে আবেদনের ফি ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ‘সি-১’ ও আইবিএ-জেইউ ইউনিটে ৬০০ টাকা এবং ‘ই’ ইউনিটে ৭০০ টাকা আবেদন ফি দিতে হবে।
ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট admission.juniv.edu-তে পাওয়া যাবে। ওয়েবসাইটে দেওয়া নির্দেশনা অনুসরণ করে আবেদন করতে হবে। এবারও দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থাকছে। ২০২৩ ও ২০২৪ সালে মাধ্যমিক বা সমমান এবং ২০২৫ ও ২০২৬ সালে উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন।
এদিকে, উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ফলাফলের হার বিবেচনায় এবার ভর্তি পরীক্ষায় আবেদনের ন্যূনতম যোগ্যতা তুলনামূলক শিথিল করা হয়েছে বলে জানিয়েছেন সৈয়দ মোহাম্মদ আলী রেজা।