মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার আর্টস অডিটোরিয়ামে ‘সাংস্কৃতিক বহুত্ববাদ ও টেকসই বাংলাদেশের বিনির্মাণ’ শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কাদের গণি চৌধুরী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ধর্ম, বর্ণ, ভাষা ও জাতিগোষ্ঠী নির্বিশেষে সবার সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করার মধ্য দিয়েই অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কাদের গণি চৌধুরী।
মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার আর্টস অডিটোরিয়ামে ‘সাংস্কৃতিক বহুত্ববাদ ও টেকসই বাংলাদেশের বিনির্মাণ’ শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হেরিটেজ ম্যানেজমেন্ট অ্যান্ড রিসার্চ আয়োজিত এ সভায় কাদের গণি চৌধুরী বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষ ঐক্যবদ্ধভাবে লড়াই করেছেন। ১৯৯০ সালের গণ-আন্দোলন থেকে শুরু করে জুলাই আন্দোলন পর্যন্ত দেশের প্রতি ভালোবাসা ও মানবিকতাবোধ থেকেই মানুষ অন্যায়ের বিরুদ্ধে সম্মিলিতভাবে দাঁড়িয়েছে।
তিনি বলেন, বর্তমান সরকার সাংস্কৃতিক বহুত্ববাদকে গুরুত্ব দিচ্ছে। বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব যাতে মানুষ শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্যাপন করতে পারেন, সে জন্য সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হচ্ছে।
বাসসের ব্যবস্থাপনা পরিচালক বলেন, নির্বাচনের আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফায় ‘রেইনবো নেশন’ বা রংধনু জাতির ধারণার কথা বলা হয়েছে। এর মূল লক্ষ্য ধর্ম, বর্ণ, ভাষা, অঞ্চল ও জাতিগোষ্ঠী নির্বিশেষে সব নাগরিকের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করা। রাষ্ট্রের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দিয়ে সব মত ও পথের মানুষের অংশগ্রহণে মানবিক ও সম্প্রীতিপূর্ণ সমাজ গড়ে তোলাই এর উদ্দেশ্য।
তিনি আরও বলেন, অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রে সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর পাশাপাশি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষেরও সমান অধিকার ও রাষ্ট্রের মালিকানা থাকতে হবে। কোনো জনগোষ্ঠীর সদস্যসংখ্যা ২০০ হোক কিংবা তার চেয়েও কম—রাষ্ট্রের নাগরিক হিসেবে প্রত্যেকের অধিকার ও মর্যাদা সমান। এখানে কোনো ধরনের বৈষম্যের সুযোগ নেই।
সাংস্কৃতিক বৈচিত্র্যের গুরুত্ব তুলে ধরে কাদের গণি চৌধুরী বলেন, পৃথিবীর বড় বড় সংঘাতের প্রায় তিন-চতুর্থাংশের পেছনে সাংস্কৃতিক বিরোধের ভূমিকা রয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গবেষণায় উঠে এসেছে। তাই শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের স্বার্থে সাংস্কৃতিক ব্যবধান দূর করা জরুরি। সাংস্কৃতিক বৈচিত্র্য শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে সম্পর্কিত নয়; এটি মানুষের আধ্যাত্মিক, আবেগিক, নৈতিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশেরও গুরুত্বপূর্ণ অনুষঙ্গ।
তিনি বলেন, একটি ভাষা হারিয়ে গেলে শুধু কিছু শব্দ হারিয়ে যায় না, হারিয়ে যায় একটি জনগোষ্ঠীর পৃথিবীকে দেখার নিজস্ব দৃষ্টিভঙ্গি। একটি লোকগান বিলুপ্ত হলে শুধু একটি গান হারায় না, হারিয়ে যায় সমাজের আত্মপরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ। একইভাবে কোনো ঐতিহ্যবাহী উৎসব বন্ধ হয়ে গেলে একটি জনগোষ্ঠীর সাংস্কৃতিক পরিচয়ের গুরুত্বপূর্ণ অনুষঙ্গও হারিয়ে যায়।
বক্তব্যের শেষ পর্যায়ে তিনি বলেন, বাংলাদেশের জন্ম হয়েছে সব ধর্ম ও বর্ণের মানুষের সম্মিলিত সংগ্রাম ও আত্মত্যাগের মধ্য দিয়ে। তাই হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি ও সাংস্কৃতিক বহুত্ববাদের ঐতিহ্যকে যথাযথ মর্যাদায় প্রতিষ্ঠা করতে হবে। নিজ নিজ অবস্থান থেকে সবাইকে এগিয়ে এসে বৈচিত্র্যকে ধারণের মাধ্যমে সম্প্রীতিপূর্ণ ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কাদের গণি চৌধুরী এবং কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. দীপালি কুমার বড়ুয়া।
আলোচক হিসেবে বক্তব্য দেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের অধ্যাপক ড. ময়না তালুকদার, গণমাধ্যম ব্যক্তিত্ব ও সময় টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জুবায়ের বাবু এবং মানবাধিকারকর্মী ও সংগঠক মেহনাজ প্রমীলা। অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন হেরিটেজ ম্যানেজমেন্ট অ্যান্ড রিসার্চের নির্বাহী পরিচালক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মোকাম্মেল এইচ ভূঁইয়া।