রাবি প্রতিবেদক
প্রকাশ : ১৩ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা এবং বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিনেট কার্যকরের দাবিতে প্রশাসন ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে একদল শিক্ষার্থী।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টার দিকে রাকসুর সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে ‘রাবি সংস্কার আন্দোলন’ ও ‘মঞ্চ-২৪’ নামে দুটি সংগঠনের নেতাকর্মীরা প্রশাসন ভবনের প্রধান ফটকের সামনে অনির্দিষ্টকালের জন্য এ কর্মসূচি শুরু করেন।
সকাল সোয়া ১১টার দিকে প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমানসহ প্রক্টোরিয়াল বডির সদস্যরা প্রশাসন ভবনের সামনে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। এ সময় তারা উপাচার্যের কনফারেন্স কক্ষে আলোচনায় বসার অনুরোধ জানান। তবে সালাহউদ্দিন আম্মারসহ আন্দোলনকারীরা সেই অনুরোধে সাড়া দেননি। বেলা সাড়ে ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তারা প্রশাসন ভবনের সামনে অবস্থান করছিলেন।
অবস্থান কর্মসূচি চলাকালে আন্দোলনকারীরা ‘আদু যদু মদু ভাই, তারা কি আর রাকসু চায়’, ‘প্রশাসনের টালবাহানা, চলবে না চলবে না’, ‘সন্ত্রাস না রাকসু, রাকসু রাকসু’, ‘রাকসুর রোডম্যাপ, দিতে হবে দিয়ে দাও’, ‘হারার ভয়ে খেলে না, সেই কথা তো বলে না’ এবং ‘গণতন্ত্রের বুলি নয়, গণতন্ত্রের চর্চা চাই’সহ বিভিন্ন স্লোগান দেন।
কর্মসূচিতে রাকসুর সাবেক সাধারণ সম্পাদক ও রাবি সংস্কার আন্দোলনের আহ্বায়ক সালাহউদ্দিন আম্মার বলেন, ‘রাকসু নির্বাচনের জন্য প্রশাসন সময় চায়। আসলে কতটা সময় চায় তারা? প্রশাসন একটি নির্বাচন কমিশন গঠন করবে, তারা স্বাধীনভাবে কাজ করবে। এই ছাত্র সংসদ স্থবির হয়ে যাওয়া কখনোই ভালো কিছু বয়ে আনবে না। তাই অনতিবিলম্বে রাকসু নির্বাচনের দাবি জানাচ্ছি। সাত সদস্যের একটি নির্বাচন কমিশন গঠন করে রাকসুর তফসিল ঘোষণা না করা পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি চলবে।’
রাবি সংস্কার আন্দোলনের সদস্যসচিব আরিফ আলভী বলেন, ‘দেশে এই মুহূর্তে কোনো মহামারি চলছে না কিংবা কোনো আইনি জটিলতা নেই যে রাকসু নির্বাচন দেওয়া সম্ভব হবে না। রাকসু শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার। সেটা প্রশাসনকে অবশ্যই নিশ্চিত করতে হবে। দাবি মানা না হলে আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচিতে যাব।’
এর আগে, গত ১২ নভেম্বর এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চার দিনের আলটিমেটাম দেয় রাবি সংস্কার আন্দোলন। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিল সংগঠনটি। পরে গতকাল সোমবার বিকেলে আরেক সংবাদ সম্মেলনে প্রশাসন ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালনের আনুষ্ঠানিক ঘোষণা দেয় তারা।