ইবি প্রতিনিধি
প্রকাশ : ১২ মিনিট আগে
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সায়েন্স ক্লাবের উদ্যোগে ‘স্পিক টু লিড: কমিউনিকেশন এক্সিলেন্স’ শীর্ষক সেমিনার, নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এসব আয়োজন করা হয়।
ইবি সায়েন্স ক্লাবের সভাপতি জুনাইদুল মুস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী এবং ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. শাহজাহান চৌধুরী। অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে বক্তব্য দেন সফট স্কিল, শিষ্টাচার ও যোগাযোগ দক্ষতা উন্নয়নবিষয়ক প্রতিষ্ঠান NAIYOK-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. শামীম এইচ. নাহিন। এ ছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা ও এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড জিওগ্রাফি বিভাগের সহকারী অধ্যাপক ইনজামুল হক সজলসহ ক্লাবের বিভিন্ন পর্যায়ের সদস্যরা।
অনুষ্ঠানে নবীন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পাশাপাশি বিদায়ী সদস্যদের ক্রেস্ট ও সনদ দিয়ে সংবর্ধনা জানানো হয়।
সেমিনারে ড. শামীম এইচ. নাহিন যোগাযোগ দক্ষতা ও সফট স্কিলের গুরুত্ব তুলে ধরেন। বিশ্বের বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠানে এসব দক্ষতা কীভাবে একজন প্রার্থীকে অন্যদের চেয়ে এগিয়ে রাখে, সে বিষয়ে ধারণা দেন তিনি। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সদ্য স্নাতকদের প্রয়োজনীয় দক্ষতা অর্জন, নেতৃত্বের গুণাবলি বিকাশ এবং অন্যদের সামনে নিজেকে স্বতন্ত্রভাবে উপস্থাপনের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করেন।
উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন বলেন, বিগত কয়েকশ বছরে বিজ্ঞান ও গবেষণায় মুসলিমদের পিছিয়ে পড়ার কারণে আমরা অনেক ক্ষেত্রে পিছিয়ে আছি। আব্বাসীয় শাসনামলের স্বর্ণযুগে জ্ঞান-বিজ্ঞান ও মহাকাশ গবেষণায় মুসলিমদের যে গৌরবোজ্জ্বল অবদান ছিল, তা ফিরিয়ে আনতে বর্তমান শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হয়ে গড়ে উঠতে হবে। এ যাত্রায় সায়েন্স ক্লাবের মতো প্ল্যাটফর্মগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের গণ্ডিতে আবদ্ধ রাখলে তাদের প্রতিভা ও সম্ভাবনার পূর্ণ বিকাশ ঘটে না। একাডেমিক পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম ও ক্লাবের সঙ্গে যুক্ত হয়ে জ্ঞানের পরিধি বাড়ানো জরুরি। এসব ক্লাবের মাধ্যমে নেতৃত্ব ও উপস্থাপনা দক্ষতা অর্জনের পাশাপাশি দেশ-বিদেশে অবস্থানরত অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ও নেটওয়ার্ক গড়ে তোলার সুযোগ তৈরি হয়, যা ভবিষ্যৎ ক্যারিয়ারে শিক্ষার্থীদের এগিয়ে নিতে সহায়ক ভূমিকা রাখে।