গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ২২ মিনিট আগে
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় বাস্তবায়ন, চাকরির জ্যেষ্ঠতা অক্ষুণ্ন রাখা, পদোন্নতি এবং বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলন তীব্র আকার ধারণ করেছে।
সোমবার (১৬ নভেম্বর) বিকালে আন্দোলনের দ্বিতীয় দিনে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে ক্যাম্পাসে লকডাউন ঘোষণা করেন বিক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা। এতে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রমে অচলাবস্থা সৃষ্টি হয়। এ সময় নিজ দপ্তরে অবরুদ্ধ হয়ে পড়েন উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।
সোমবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে উপাচার্যের দপ্তর ঘেরাও করে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। তারা উপাচার্যের দপ্তরের সামনে সমাবেশও করেন। অন্যদিকে, আওয়ামী লীগপন্থী হিসেবে পরিচিত কর্মকর্তা-কর্মচারীরা পাল্টা কর্মসূচি দিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণের চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এর মধ্যে বিকাল ৩টার দিকে আন্দোলনকারীরা প্রধান ফটক বন্ধ করে পুরো ক্যাম্পাসে লকডাউন ঘোষণা করেন।
সন্ধ্যা ৬টা পর্যন্ত উপাচার্য নিজ দপ্তরে অবরুদ্ধ ছিলেন। এ সময় আন্দোলনকারী কর্মকর্তা-কর্মচারীদের প্রতিনিধিদের সঙ্গে তার বৈঠক চলছিল। তবে বৈঠকের সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আন্দোলনকারীদের সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন অপ্রয়োজনীয় খাতে কোটি কোটি টাকা ব্যয় করছে। তাদের দাবি, ২০টি প্রকল্পে প্রায় ২৫০ কোটি টাকা ব্যয় করা হচ্ছে, যার অধিকাংশই প্রয়োজনীয় নয়। সংস্কারের নামে বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী ও টেকসই ভবনের কাঠামো পরিবর্তন করে ঐতিহ্য নষ্ট করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।
বক্তারা বলেন, বিভিন্ন প্রকল্প ও খাতে বিপুল অর্থ ব্যয় করা হলেও দীর্ঘদিন ধরে বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর ন্যায্য পাওনা পরিশোধে প্রশাসনের কার্যকর উদ্যোগ নেই। তাদের দাবি, ২০২৫ সালের ২৭ মে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে চাকরিচ্যুত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর মধ্যে জীবিতদের পুনর্বহাল এবং চাকরিচ্যুতির সময় থেকে পুনর্বহাল পর্যন্ত সময়কে অসাধারণ ছুটি হিসেবে গণ্য করে জ্যেষ্ঠতা অক্ষুণ্ন রাখার নির্দেশনা দেওয়া হয়।
তবে চাকরিতে পুনর্বহাল হওয়ার পরও তারা প্রাপ্য জ্যেষ্ঠতা, পদোন্নতি ও আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করেন। একই প্রতিষ্ঠানে দুই ধরনের বেতননীতি চলতে পারে না উল্লেখ করে তারা বিদ্যমান পে-স্কেল অনুযায়ী বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবি জানান।
অধিকারবঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের দাবি আদায়ে গঠিত কমিটির আহ্বায়ক মো. নাজিম উদ্দীন শিশিমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সদস্যসচিব ও বিশ্ববিদ্যালয়ের তথ্য ও সেবা সরবরাহ বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মিয়া হোসেন রানা। সমাবেশ সঞ্চালনা করেন মো. আকরাম হোসেন।
উল্লেখ্য, চারদলীয় জোট সরকারের আমলে ২০০৩ ও ২০০৪ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পাওয়া এসব কর্মকর্তা-কর্মচারীকে ২০১২ সালে চাকরিচ্যুত করা হয়। দীর্ঘ আইনি লড়াই শেষে ২০২৫ সালের ২৭ মে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত সদস্যের বেঞ্চ বিশ্ববিদ্যালয়ের করা আপিল মঞ্জুর করে তাদের পুনর্বহালের নির্দেশ দেন। তবে আদালতের রায়ের পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়ার অভিযোগে রবিবার থেকে আন্দোলনে নেমেছেন তারা।