প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ মিনিট আগে
আপডেট : ৮ মিনিট আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি
শিক্ষার্থী ও স্নাতকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং সম্ভাব্য নিয়োগদাতাদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ করে দিতে প্রথমবারের মতো কেন্দ্রীয়ভাবে ‘জব ফেয়ার-২০২৬’ আয়োজন করতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)।
বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ও জব ফেয়ার আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আলী নূরের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৪ নভেম্বর সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সায়েন্স বিল্ডিং চত্বরে এ মেলা শুরু হবে। এতে শতাধিক স্বনামধন্য প্রতিষ্ঠান অংশ নেবে।
বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের পাশাপাশি স্নাতক, স্নাতকোত্তর ও প্রফেশনাল এমবিএ সম্পন্নকারী সাবেক শিক্ষার্থীরাও এ মেলায় অংশ নিতে পারবেন।
মেলা আয়োজনে সার্বিক সহযোগিতা করছে বিডিজবস ডটকম লিমিটেড। আগ্রহীরা www.bdjobs.com/jobfair ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন করে মেলায় অংশ নিতে পারবেন।