বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ১২ মিনিট আগে
ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে মানসিক স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং আত্মহত্যা প্রতিরোধে দিনব্যাপী কর্মশালা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাবে এই কর্মশালা অনুষ্ঠিত হয় অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাবের অধীনে পরিচালিত ‘প্রজেক্ট এসওএস’ এ কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় মানসিক স্বাস্থ্যের বিভিন্ন দিক, মানসিক সংকট মোকাবিলা এবং আত্মহত্যা প্রতিরোধ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে মানসিক স্বাস্থ্য ও আত্মহত্যা প্রতিরোধে কাজ করা প্রতিষ্ঠান ‘আঁচল ফাউন্ডেশন’ একটি সেমিনার পরিচালনা করে। প্রতিষ্ঠানটির সহকারী ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ইসরাত জাহান মারিয়া আত্মহত্যার কারণ, মানসিক স্বাস্থ্যের নানা সমস্যা এবং সংকট থেকে উত্তরণের উপায় নিয়ে আলোচনা করেন।
এ ছাড়া মানসিক স্বাস্থ্যসেবাদানকারী প্রতিষ্ঠান ‘নির্বাণ’-এর প্রশিক্ষকেরাও কর্মশালায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যসচেতনতা, মানসিক চাপ মোকাবিলাসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ ও দিকনির্দেশনা দেন।
আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের মধ্যে মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা তৈরি, মানসিক সংকট সম্পর্কে ধারণা দেওয়া এবং প্রয়োজনে যথাযথ সহায়তা নেওয়ার বিষয়ে উৎসাহিত করতেই এ কর্মশালা ও সেমিনারের আয়োজন করা হয়েছে।
কর্মশালায় অংশ নেওয়া লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী মিশকাতুল ফেরদৌস ভুঁইয়া বলেন, “বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের প্রতিনিয়ত বিভিন্ন ধরনের চাপ সামলাতে হয়। কিন্তু অনেকেই এসব চাপ সামাল দিতে না পেরে হতাশায় ভোগেন। কেউ কেউ হতাশা থেকে আত্মহত্যার পথও বেছে নেন। এ কারণে শিক্ষার্থীদের মধ্যে মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের সেমিনার অত্যন্ত কার্যকর।”
অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাবের পরিচালক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আইনুল ইসলাম বলেন, “মানসিক স্বাস্থ্য সুরক্ষা মানুষের অন্যতম মানবাধিকার। কিন্তু দুঃখজনক বিষয় হলো, আমাদের এখানে পড়াশোনার চাপের তুলনায় মানসিক স্বাস্থ্য নিয়ে তেমন কোনো দিকনির্দেশনা বা গাইডলাইন দেওয়া হয় না। কিছু শিক্ষার্থী এ বিষয়টি নিয়ে কাজ করছে, এজন্য আমি তাদের সাধুবাদ জানাই। পাশাপাশি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতিও আহ্বান জানাই, তারা যেন শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য ও সচেতনতার বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে।”
শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় বিশ্ববিদ্যালয় পর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং এ বিষয়ে প্রাতিষ্ঠানিকভাবে নজর দেওয়া প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।