গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ২৩ মিনিট আগে
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাসের হার ৬৪ দশমিক ৭৫ শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়েছেন ১৬ জন শিক্ষার্থী।
সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১২টায় গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স কক্ষে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এ বছর প্রথম ও দ্বিতীয় বর্ষে মোট ৪৬ হাজার ৭৬৫ জন শিক্ষার্থী নিবন্ধন করেন। তাদের মধ্যে প্রথম ও দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশ নেন ৩৮ হাজার ১৭৯ জন। চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করেন ১৬ হাজার ২২২ জন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ৫০৩ জন। উত্তীর্ণদের মধ্যে ছাত্র ৫ হাজার ৭১৬ জন এবং ছাত্রী ৪ হাজার ৭৮৭ জন।
গ্রেডভিত্তিক ফলাফলে জিপিএ-৫ পেয়েছেন ১৬ জন। এ গ্রেডে উত্তীর্ণ হয়েছেন ১ হাজার ৫০৮ জন, এ মাইনাসে ৩ হাজার ৩০২ জন, বি গ্রেডে ৩ হাজার ৫২৪ জন, সি গ্রেডে ২ হাজার ১০৭ জন এবং ডি গ্রেডে ৪৬ জন।
ফলাফল ঘোষণার আগে পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. হাবিবুল্যাহ মাহামুদ এইচএসসি পরীক্ষার ফলাফলের গেজেট উপাচার্যের কাছে হস্তান্তর করেন।
ফলাফল ঘোষণাকালে উপাচার্য বলেন, বাউবির লক্ষ্য শুধু পাসের হার বৃদ্ধি নয়, বরং গুণগত শিক্ষা নিশ্চিত করা। সুষ্ঠু, স্বচ্ছ, নির্ভুল ও নকলমুক্ত পরীক্ষা আয়োজনের মাধ্যমে শিক্ষার মানোন্নয়নে বিশ্ববিদ্যালয় বদ্ধপরিকর। মাত্র ৪১ কর্মদিবসে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা সম্ভব হয়েছে। এ জন্য তিনি সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান। পাশাপাশি স্থগিত ফলাফলের সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট result.bou.ac.bd-এ শিক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন। এ ছাড়া মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফলাফল জানা যাবে। গ্রামীণফোনের ক্ষেত্রে PB BOU লিখে একটি স্পেস দিয়ে শিক্ষার্থীর আইডি নম্বর পাঠাতে হবে ১৬৫৫৪ নম্বরে। টেলিটক, রবি ও বাংলালিংক থেকে BOU লিখে স্পেস দিয়ে আইডি নম্বর পাঠাতে হবে ২২৭৭৭ নম্বরে।