ইবি প্রতিনিধি
প্রকাশ : ১৮ মিনিট আগে
মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত মাকে সুস্থ করে তুলতে মানুষের দ্বারে দ্বারে সহযোগিতা চাইছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইংরেজি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বিজয় মজুমদার। দীর্ঘদিনের চিকিৎসায় পরিবারের সঞ্চয় শেষ হয়ে যাওয়ায় এখন অর্থাভাবে থমকে আছে মায়ের চিকিৎসা। মাকে বাঁচানোর এই লড়াইয়ে সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষের কাছে আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছেন তিনি।
পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত বিজয়ের মা। ইতোমধ্যে তার ছয়টি কেমোথেরাপি, একটি অস্ত্রোপচার ও ১৯টি রেডিওথেরাপি সম্পন্ন হয়েছে। এ পর্যন্ত চিকিৎসার পেছনে পরিবারের প্রায় ১০ থেকে ১৫ লাখ টাকা ব্যয় হয়েছে। দীর্ঘ চিকিৎসার ফলে পরিবারের সঞ্চিত অর্থ প্রায় শেষ হয়ে গেছে। বর্তমানে অর্থাভাবে তার চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, মায়ের চিকিৎসা সম্পন্ন করতে আরও ১১টি টার্গেটেড থেরাপি প্রয়োজন। এতে আনুমানিক চার থেকে পাঁচ লাখ টাকা ব্যয় হবে। কিন্তু পরিবারের বর্তমান আর্থিক পরিস্থিতিতে এই ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। ফলে মায়ের চিকিৎসা চালিয়ে যাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।