ববি প্রতিনিধি
প্রকাশ : ১৪ মিনিট আগে
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সার্বিক সংকট নিরসন ও শিক্ষার্থীদের দাবিদাওয়া পূরণ করা অসম্ভব নয় বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে প্রতিষ্ঠিত বিভাগীয় এই বিশ্ববিদ্যালয়ের সব সংকট দ্রুত সমাধানে উদ্যোগ নেওয়া হবে।
সোমবার (১৬ নভেম্বর) বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষামন্ত্রীর কাছে প্রতিষ্ঠানটির বিভিন্ন সংকট ও সীমাবদ্ধতার কথা তুলে ধরেন। এর পরিপ্রেক্ষিতে শিক্ষামন্ত্রী দ্রুততম সময়ের মধ্যে এসব সমস্যা সমাধানের আশ্বাস দেন।
শিক্ষামন্ত্রী বলেন, উপাচার্য বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু সংকটের কথা জানিয়েছেন। দ্রুত এসব সমস্যা সমাধানের চেষ্টা করা হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে দুটি ইলেকট্রিক বাস দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। ২০২৬-২৭ অর্থবছরে অ্যাকাডেমিক ভবন ও অডিটোরিয়াম নির্মাণের জন্য শিগগিরই বাজেট দেওয়া হবে। পর্যায়ক্রমে আবাসিক হলসহ অন্যান্য অবকাঠামোগত উন্নয়নে উদ্যোগ নেওয়া হবে। এ সময় তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ইটের রাস্তার হাঁটতে আমার ভালো লাগেনি। দ্রুত সময়ের মধ্যে পাকা রাস্তা নির্মাণের ব্যবস্থা করার চেষ্টা করা হবে।
দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে মন্ত্রী বলেন, ২০০১ থেকে ২০০৬ মেয়াদে শিক্ষাব্যবস্থাকে যে অবস্থানে রেখে আসা হয়েছিল, বর্তমানে তা আর নেই। বিগত সরকার শিক্ষাব্যবস্থাকে পেছনের দিকে নিয়ে গেছে। সরকার ভোকেশনাল শিক্ষায় গুরুত্ব দিচ্ছে।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, পড়াশোনায় কোনো ধরনের অসাধুতা রাখা যাবে না। মুখস্থনির্ভর পড়াশোনার দিন শেষ হয়ে গেছে। এখন আধুনিক পদ্ধতিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে জ্ঞান অর্জন করতে হবে। অর্জিত জ্ঞান বাস্তব জীবনে প্রয়োগের সক্ষমতাও তৈরি করতে হবে। আগামীর বিশ্বে নেতৃত্ব দেওয়ার উপযোগী করে নিজেদের গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ। সম্মানিত অতিথি ছিলেন ইউট্যাবের মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান। ওরিয়েন্টেশন বক্তা ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।