প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ মিনিট আগে
বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ডিবেটিং সোসাইটির ওরিয়েন্টেশনে প্রধান অতিথি ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ফরিদা ইয়াছমিন, টিচার্স কাউন্সিল সেক্রেটারী অধ্যাপক শামসুন নাহার ও ডিবেটিং সোসাইটির মডারেটর খুজিস্তা আক্তারা বানুসহ অন্যান্যরা। ছবি: ডিবেট ফর ডেমোক্রেসির সৌজন্যে
কোনো ধরনের অরাজকতা বা নাশকতার কারণে শিক্ষার্থীদের শিক্ষাজীবন যাতে ব্যাহত না হয়, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
তিনি বলেছেন, দেশি-বিদেশি কোনো অপশক্তি যাতে রাষ্ট্রের স্থিতিশীলতা বিনষ্ট করতে না পারে, সে জন্য সরকারি দল, বিরোধী দলসহ সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক বোমা বিস্ফোরণ, ককটেল হামলা, যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্বেগ তৈরি করছে। এসব নাশকতার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে দেশি-বিদেশি কোনো অপশক্তি দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা করছে কি না, তা খতিয়ে দেখা জরুরি।
বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ডিবেটিং সোসাইটির ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, “আজকের তরুণ ও কিশোররাই আগামী দিনের জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতীক। তাদের মধ্য থেকেই ভবিষ্যতে আমলা, সংসদ সদস্য, মন্ত্রী, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি তৈরি হবে। তাই শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। কোনো অরাজকতার কারণে তাদের শিক্ষাজীবন ব্যাহত হোক, তা আমরা চাই না”।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “আমরা চাই শিক্ষার্থীরা গবেষণায় মনোযোগী হবে, উচ্চশিক্ষা অর্জন করবে, রোবোটিকসের যুগে প্রবেশ করবে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সঙ্গে নিজেদের খাপ খাইয়ে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলবে”।
জাতীয় সংসদের কার্যকারিতা প্রসঙ্গে তিনি বলেন, “বিগত শাসনামলে আমরা কোনো কার্যকর জাতীয় সংসদ পাইনি। অথচ জাতীয় সংসদ হচ্ছে জাতির আশা-আকাঙ্ক্ষার বাতিঘর। আমরা বর্তমান জাতীয় সংসদকে একটি কার্যকর, প্রাণবন্ত ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠান হিসেবে দেখতে চাই”।
জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর ঐক্যের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “জাতীয় স্বার্থে জুলাই অভ্যুত্থানের পক্ষের সব শক্তির ঐক্যবদ্ধ থাকা উচিত। দেশি-বিদেশি অপশক্তি এই ঐক্যে ফাটল ধরানোর অপচেষ্টা করছে। জুলাইয়ের ঐক্য যাতে বিনষ্ট না হয়, সে জন্য সরকারি দল, বিরোধী দলসহ অভ্যুত্থানের পক্ষের সবাইকে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে রাষ্ট্র পরিচালনায় বর্তমান সরকারকে সার্বিক সহযোগিতা করতে হবে”।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফরিদা ইয়াছমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক তসমিনা বেগম চৌধুরী।
স্বাগত বক্তব্য রাখেন টিচার্স কাউন্সিলের সেক্রেটারি অধ্যাপক শামসুন নাহার এবং ডিবেটিং সোসাইটির মডারেটর খুজিস্তা আক্তারা বানু। এ সময় কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
ওরিয়েন্টেশন পর্ব শেষে বারোয়ারি বিতর্ক ও রম্য বিতর্ক অনুষ্ঠিত হয়।