× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুই দশক পেরিয়েও অধ্যাপকশূন্য জাককানইবির ১৩ বিভাগ

জাককানইবি প্রতিনিধি

প্রকাশ : ১০ মিনিট আগে

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২৫টি বিভাগের মধ্যে ১৩টিতেই নেই কোনো অধ্যাপক। প্রতিষ্ঠার প্রায় দুই দশক পেরিয়ে গেলেও এসব বিভাগে অধ্যাপক ছাড়াই চলছে শিক্ষা কার্যক্রম। অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের বাকি ১২টি বিভাগে কর্মরত রয়েছেন ৪৫জন অধ্যাপক।

অধ্যাপকের স্বল্পতায় অভিজ্ঞ শিক্ষকের পাঠদান, গবেষণার দিকনির্দেশনা ও উচ্চতর গবেষণার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি, অধ্যাপক পদে নিয়োগের নির্ধারিত যোগ্যতা পূরণকারী প্রার্থীদের আবেদন না পাওয়ায় এ সংকট কাটছে না।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে বিশ্ববিদ্যালয়ে মোট শিক্ষক রয়েছেন ২৩২ জন। তাঁদের মধ্যে অধ্যাপক ৪৫ জন, সহযোগী অধ্যাপক ৬২ জন, সহকারী অধ্যাপক ৯১ জন এবং প্রভাষক ৩৪ জন। অপরদিকে, বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থীর সংখ্যা ৯ হাজার ৯৮১ জন।

বিভাগভিত্তিক তথ্যে দেখা যায়, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে সর্বোচ্চ ১০ জন অধ্যাপক রয়েছেন। দ্বিতীয় সর্বোচ্চ ৯ জন অধ্যাপক রয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে। এ ছাড়া সংগীত এবং হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগে ছয়জন করে অধ্যাপক কর্মরত রয়েছেন। ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ও অর্থনীতি বিভাগে তিনজন করে এবং ইংরেজি ভাষা ও সাহিত্য ও চারুকলা বিভাগে দুজন করে অধ্যাপক রয়েছেন।

এদিকে, এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ এবং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগে রয়েছেন একজন করে অধ্যাপক।

অধ্যাপকশূন্য ১৩টি বিভাগের মধ্যে রয়েছে স্থানীয় সরকার ও নগর উন্নয়ন, সমাজবিজ্ঞান, মার্কেটিং, পপুলেশন সায়েন্স, নৃবিজ্ঞান, আইন ও বিচার, ফোকলোর অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট স্টাডিজ, পরিসংখ্যান ও ডেটা সায়েন্স, লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা, ব্যবস্থাপনা, দর্শন, ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ এবং ইতিহাস বিভাগ।

অধ্যাপকের অনুপস্থিতি শিক্ষার্থীদের একাডেমিক অভিজ্ঞতা ও গবেষণার সুযোগকে প্রভাবিত করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মহসিন হক শাহ বলেন, ‘অধ্যাপকরা অভিজ্ঞ ও প্রবীণ শিক্ষক। তাঁদের জ্ঞান ও অভিজ্ঞতার পরিধি বিস্তৃত। তাঁরা জটিল বিষয়ও সহজভাবে শিক্ষার্থীদের বুঝিয়ে দিতে পারেন। তাঁদের সান্নিধ্যে শিক্ষার্থীরা গবেষণার ক্ষেত্রে বিশেষ দিকনির্দেশনা পান। বিভাগে অধ্যাপক না থাকায় আমরা এসব সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি।’

বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক নিয়োগের বিষয়ে জানতে চাইলে রেজিস্ট্রার খন্দকার নাজমুল হাসান বলেন, ‘অধ্যাপক নিয়োগের জন্য বিশ্ববিদ্যালয় থেকে চারটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। কিন্তু প্রতিবারই যোগ্য প্রার্থী পাওয়া যায়নি। অধ্যাপক পদে নিয়োগের জন্য নির্দিষ্ট কিছু যোগ্যতা ও শর্ত পূরণের প্রয়োজন হয়। তবে এসব যোগ্যতা পূরণকারী প্রার্থীরা আবেদন না করায় নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হয়নি।’ 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা