বিএম কলেজ প্রতিনিধি
প্রকাশ : ১৭ মিনিট আগে
সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে বরগুনা জেলা ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) সকাল ১১টায় কলেজের মুক্তমঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কুইজ প্রতিযোগিতার মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। পরে পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে মূল আলোচনা পর্ব শুরু হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাজিদ আরমান সজীব।
বিএম কলেজের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক কাজী জাবের আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাইমুর রহমান নাইম।
বিশেষ অতিথি ছিলেন কলেজের সমাজকর্ম বিভাগের অধ্যাপক মো. সুলতান মাহমুদ রিয়াজ এবং পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডের বরিশাল শাখার সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মো. মোশাররফ হোসেন। এ ছাড়া নবীন ও সাবেক শিক্ষার্থীদের প্রতিনিধিরা অনুষ্ঠানে বক্তব্য দেন।
বিশেষ অতিথির বক্তব্যে মো. মোশাররফ হোসেন বিএম কলেজের সাবেক শিক্ষার্থী হিসেবে নিজের স্মৃতিচারণা করেন। তিনি বলেন, ‘২০০০ সালে বিএম কলেজ থেকে বিদায় নিয়েছিলাম। আজ আবার ডিপার্টমেন্টে গিয়ে মনে হলো, যেন সেদিনই সেখানে বসে প্র্যাকটিক্যাল ক্লাস করছিলাম।’
শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা ও সুযোগ-সুবিধার বিষয়ে তিনি জানান, পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে শুধু শিক্ষার্থী ও কলেজের কর্মকর্তা-কর্মচারীরাই নন, বরগুনা জেলা ছাত্রকল্যাণ পরিষদের সঙ্গে যুক্ত শিক্ষার্থী এবং তাদের বাবা-মা, ভাই-বোনসহ পরিবারের সদস্যরাও বিশেষ ছাড় পাবেন। এ ছাড়া সাধারণ শিক্ষার্থীদের জন্য চিকিৎসকের ভিজিট ফি সম্পূর্ণ মওকুফ রাখার ঘোষণা দেন তিনি। পপুলারের প্রায় দেড় শতাধিক কর্মী বিএম কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থী।
সভাপতির বক্তব্যে ড. মো. মাসুদুর রহমান বলেন, বরগুনা জেলা ছাত্রকল্যাণ পরিষদের সঙ্গে আমার ২১ বছরের সম্পৃক্ততা রয়েছে। শিক্ষার্থীদের কল্যাণে আগামী এক মাসের মধ্যে শিক্ষকদের নিয়ে একটি উপদেষ্টা পরিষদ, শিক্ষার্থীদের নিয়ে পূর্ণাঙ্গ কমিটি এবং একটি স্থায়ী তহবিল গঠন করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে সহযোগিতা করা সম্ভব হবে।
আলোচনা পর্ব শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী নবীন শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। পাশাপাশি অনুষ্ঠানে অংশ নেওয়া সব নবীন শিক্ষার্থীর মধ্যে উপহারসামগ্রী বিতরণ করা হয়।