ইবি প্রতিনিধি
প্রকাশ : ৯ মিনিট আগে
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রয়াত শিক্ষিকা আসমা সাদিয়া রুনার স্মৃতি সংরক্ষণ ও তার প্রতি শ্রদ্ধা জানাতে ‘আসমা সাদিয়া রুনা মেমোরিয়াল সেমিনার লাইব্রেরি’ উদ্বোধন করা হয়েছে। এ সময় তার হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং দায়ী ব্যক্তির সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের প্রত্যাশা ব্যক্ত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান।
রবিবার (১৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ২৩০ নম্বর কক্ষে সমাজকল্যাণ বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে লাইব্রেরিটির উদ্বোধন করা হয়।
সমাজকল্যাণ বিভাগের সভাপতি অধ্যাপক ড. বেগম রোকসানা মিলির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রয়াত শিক্ষিকা আসমা সাদিয়া রুনার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তার স্মৃতি অম্লান রাখতে এ উদ্যোগ গ্রহণ করায় সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সংশ্লিষ্ট সবাইকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে অভিনন্দন জানান তিনি।
আসমা সাদিয়া রুনার হত্যাকাণ্ডের বিচারপ্রক্রিয়া ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের নেওয়া পদক্ষেপ সম্পর্কে উপাচার্য বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রশাসন বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী, মামলার তদন্ত দ্রুত সম্পন্ন করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য পুলিশ প্রশাসনের ওসি থেকে আইজিপি পর্যন্ত আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে সিন্ডিকেট ইতোমধ্যে কঠোর প্রশাসনিক সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট বিভাগের আর্থিক অনিয়ম উদ্ঘাটন এবং ক্যাম্পাসে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
বিচারপ্রক্রিয়ার অগ্রগতি প্রসঙ্গে উপাচার্য বলেন, ‘গতকালকেও আমি এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। আশা করি, খুব শিগগিরই মামলার তদন্তে দৃশ্যমান অগ্রগতি পাওয়া যাবে। একজন শিক্ষক ও সহকর্মী হিসেবে আমি প্রত্যাশা করি, অপরাধীর চরম ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে।’
অনুষ্ঠানে সমাজকল্যাণ বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৪ মার্চ বিকালে নিজ বিভাগের কার্যালয়ে অফিস সহকারী ফজলুর রহমানের ছুরিকাঘাতে নিহত হন সমাজকল্যাণ বিভাগের তৎকালীন চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা। ঘটনার পর অভিযুক্ত ফজলুর রহমান আত্মহত্যার চেষ্টা করেন বলে জানা যায়। পরদিন নিহতের স্বামী ইমতিয়াজ সুলতান বাদী হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় ফজলুর রহমানকে প্রধান আসামি করে দণ্ডবিধির ৩০২ ও ১০৯ ধারায় হত্যা মামলা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ।
মামলার অন্য আসামিরা হলেন সাবেক কর্মচারী ও উম্মুল মুমেনীন আয়শা সিদ্দিকা হলের উপ-রেজিস্ট্রার বিশ্বজিৎ কুমার বিশ্বাস, সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক শ্যাম সুন্দর সরকার এবং হাবিবুর রহমান। তারা এখনো পলাতক রয়েছেন। তাদের দেশত্যাগ ঠেকাতে আদালত বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেছেন।