কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী জাতীয় সম্মেলন। এতে দেশের ১৫টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী অংশ নেন। প্রায় ২৫০ জন অংশগ্রহণকারীর উপস্থিতিতে সম্মেলনে ৫২টি গবেষণাপত্র উপস্থাপন করা হয়। সাহিত্য, চলচ্চিত্র, নগরায়ণ ও উত্তর-ঔপনিবেশিক সমাজের নানা বিষয় নিয়ে গবেষণা, আলোচনা ও মতবিনিময়ে মুখর ছিল পুরো আয়োজন।
‘Postcolonial Urban Modernity: Representations in Film and Fiction’ শীর্ষক সম্মেলনটি গত ১৩ ও ১৪ নভেম্বর কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ, ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং অ্যাসোসিয়েশন অব টিচার্স অব লিটারেচারস ইন ইংলিশ, বাংলাদেশ (এটিএলইবি) যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. জি. এম. শফিউর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুস সালাম আকন্দ, ঈশা খাঁ বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক সরওয়ার জাহান এবং গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. সিদ্দিক উল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান বলেন, উচ্চশিক্ষার মূল লক্ষ্য শুধু পাঠদান নয়, বরং জ্ঞান সৃষ্টি, গবেষণা ও নতুন চিন্তার বিকাশ ঘটানো। জাতীয় পর্যায়ের এ সম্মেলন শিক্ষার্থী ও গবেষকদের মধ্যে জ্ঞান বিনিময়ের সুযোগ তৈরি করেছে। এ ধরনের আয়োজন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়কে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. জি. এম. শফিউর রহমান বলেন, গবেষণার মানোন্নয়নে বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময় অত্যন্ত জরুরি। এ সম্মেলনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের অংশগ্রহণ নতুন চিন্তা ও গবেষণার ক্ষেত্র তৈরিতে সহায়ক হবে।
সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিজের ডিন অধ্যাপক কায়সার হামিদুল হক। ‘Some Dhaka Tales…’ শীর্ষক প্রবন্ধে তিনি ঢাকার নগরজীবন, নাগরিক অভিজ্ঞতা এবং শহরের বহুমাত্রিক বাস্তবতা তুলে ধরেন। অধিবেশনে সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইংলিশ অ্যান্ড আদার ল্যাঙ্গুয়েজেসের অধ্যাপক ও পরিচালক ড. মাসউদ আখতার।
সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল সাহিত্য ও চলচ্চিত্রে উত্তর-ঔপনিবেশিক নগর-আধুনিকতার উপস্থাপন ও বিশ্লেষণ। গবেষকেরা নগরকে শুধু ভৌগোলিক পরিসর হিসেবে নয়, বরং ক্ষমতা, শ্রেণিবৈষম্য, পরিচয়, সামাজিক পরিবর্তন ও সাংস্কৃতিক দ্বন্দ্বের ক্ষেত্র হিসেবে বিশ্লেষণ করেন। তাঁদের উপস্থাপনায় উঠে আসে ঔপনিবেশিকতার প্রভাব, নগরায়ণের বাস্তবতা এবং উত্তর-ঔপনিবেশিক সমাজের নানা সংকট ও পরিবর্তনের চিত্র।
শনিবার (১৪ নভেম্বর) দ্বিতীয় দিনে দিনব্যাপী বিভিন্ন একাডেমিক অধিবেশনে গবেষণাপত্র উপস্থাপন ও আলোচনা অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা তাঁদের গবেষণার বিষয়, তাত্ত্বিক বিশ্লেষণ ও গবেষণালব্ধ পর্যবেক্ষণ তুলে ধরেন। প্রতিটি অধিবেশন শেষে প্রশ্নোত্তর ও মুক্ত আলোচনায় অংশ নেন উপস্থিত গবেষকেরা।
ঈশা খাঁ বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক সরওয়ার জাহান বলেন, এ ধরনের আয়োজন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে একাডেমিক সম্পর্ক জোরদার করে। বিশেষ করে তরুণ গবেষকদের জন্য অভিজ্ঞ গবেষকদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ তৈরি হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সম্মেলনে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। তাঁরা গবেষণাপত্র উপস্থাপনের পাশাপাশি অতিথি ও অংশগ্রহণকারীদের সহযোগিতা, অধিবেশন পরিচালনা এবং সার্বিক ব্যবস্থাপনায় স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করেন। সম্মেলনের শেষ পর্যায়ে গবেষণাপত্র উপস্থাপন ও বিভিন্ন একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণের স্বীকৃতিস্বরূপ সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।
কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান ও সম্মেলনের সভাপতি সহকারী অধ্যাপক মো. রাকিবুল আলম বলেন, ‘এ সম্মেলন কিশোরগঞ্জের উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতায় জাতীয় পর্যায়ের এমন একটি একাডেমিক আয়োজন সফলভাবে সম্পন্ন করতে পেরে আমরা আনন্দিত।’