যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ১১ মিনিট আগে
খেলার মাঠে কখনো দৌড়, লাফ কিংবা ফুটবল নিয়ে ব্যস্ততা। কখনো সংবাদ সংগ্রহ ও লেখালেখি, আবার কখনো শ্রেণিকক্ষে পাঠ গ্রহণ। তিনটি ভিন্ন পরিচয় সামলে সমানতালে এগিয়ে চলেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী উম্মে হাফসা। পড়াশোনা, খেলাধুলা ও সাংবাদিকতা—এই তিন ক্ষেত্রেই নিজের দক্ষতা ও অভিজ্ঞতা বাড়িয়ে চলেছেন তিনি।
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা হাফসার খেলাধুলার প্রতি আগ্রহ ছোটবেলা থেকেই। ২০১৬ সালে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণের মধ্য দিয়ে তাঁর ফুটবলযাত্রা শুরু। পাশাপাশি দৌড়, উচ্চলাফ ও দীর্ঘলাফ প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে একাধিক পুরস্কার অর্জন করেন। ২০১৭ সালে বিকেএসপিতে ভর্তির প্রস্তুতি হিসেবে ফুটবলের প্রশিক্ষণও নিয়েছিলেন তিনি।
একসময় নিয়মিত খেলাধুলা থেকে দূরে সরে গেলেও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে আবার মাঠে ফেরেন হাফসা। আন্তঃহল ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার অর্জনের পাশাপাশি ২০২৫ সালের আন্তবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিকস প্রতিযোগিতায় যবিপ্রবির হয়ে অংশ নেন। সর্বশেষ ২০২৬ সালের আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টেও বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করেন তিনি।
খেলাধুলার পাশাপাশি সাংবাদিকতাও তাঁর আগ্রহের জায়গা। সত্য তুলে ধরা এবং অন্যায়ের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে কথা বলার আকাঙ্ক্ষা থেকেই এ পেশায় যুক্ত হন। শুরুতে বিষয়টি পরিবারকে না জানালেও পরে তাঁদের সহযোগিতা পেয়েছেন। বর্তমানে সংবাদ সংগ্রহ ও লেখালেখিকে নিজের আগ্রহ ও দায়িত্ব হিসেবে দেখছেন তিনি।
তিনটি পরিচয় একসঙ্গে ধরে রাখতে হাফসার প্রধান কৌশল সময় ব্যবস্থাপনা। সকালে ও বিকেলে অনুশীলন, এর ফাঁকে ক্লাস ও সাংবাদিকতার কাজ করেন। তবে সবকিছুর আগে পড়াশোনাকেই গুরুত্ব দেন তিনি। প্রতিযোগিতায় অংশ নিতে গিয়ে কখনো ক্লাস বা ল্যাব মিস হলেও শিক্ষকদের সহযোগিতায় তা পুষিয়ে নেন।
হাফসার পথচলায় পরিবারের সমর্থন সবচেয়ে বড় শক্তি। বাবা-মায়ের সহযোগিতা এবং শিক্ষকদের অনুপ্রেরণা তাঁকে এগিয়ে যেতে সাহস জুগিয়েছে। ভবিষ্যতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং-সংশ্লিষ্ট ক্ষেত্রে ক্যারিয়ার গড়তে চান তিনি। পাশাপাশি খেলাধুলা ও সাংবাদিকতা চালিয়ে যাওয়ার ইচ্ছাও রয়েছে।
আগামী পাঁচ বছরে নিজেকে দক্ষ, আত্মবিশ্বাসী ও অভিজ্ঞ মানুষ হিসেবে দেখতে চান হাফসা। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সাংবাদিকতা ও বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে নিজের নেতৃত্বগুণ ও অভিজ্ঞতা বাড়ানোই তাঁর লক্ষ্য। তাঁর পথচলায় ফুটে উঠেছে একটি বিষয়—ইচ্ছা, পরিশ্রম ও সময়ের সঠিক ব্যবহারে একাধিক স্বপ্নকে একসঙ্গে এগিয়ে নেওয়া সম্ভব।