রাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ১৯ মিনিট আগে
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন
ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় রসায়নের উদ্ভাবনে গুরুত্ব দিতে হবে বলে জানিয়েছেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী। শনিবার (১৪ নভেম্বর) সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. আবদুস সালাম এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী।
সোসাইটির সভাপতি অধ্যাপক ড. মোঃ এমরান কাইয়ুমের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ. কে. এম. লুৎফর রহমান।
সম্মেলনের প্রতিপাদ্য ছিল- কেমিস্ট্রি ইনোভেশনস ফর ফিউচার চ্যালেঞ্জেস। এ বিষয়ে বক্তব্যে রাবিপ্রবি উপাচার্য ভবিষ্যতের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় রসায়নের উদ্ভাবন ও গবেষণার গুরুত্ব তুলে ধরেন। বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতিতে রসায়নের বহুমাত্রিক ভূমিকার কথাও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, একাডেমিয়া-ইন্ডাস্ট্রি কোলাবরেশন, টেকসই উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, শিল্পায়ন ও মানবকল্যাণে রসায়নের গবেষণালব্ধ জ্ঞান ও প্রযুক্তির কার্যকর প্রয়োগ প্রয়োজন।
সম্মেলনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের রসায়নবিদ, শিক্ষাবিদ, বিজ্ঞানী ও গবেষকরা অংশ নেন।
উল্লেখ্য, জাতীয় পর্যায়ের এ বৈজ্ঞানিক আয়োজনে উপাচার্যের অংশগ্রহণ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও গবেষণা কার্যক্রমের প্রতিনিধিত্ব করার পাশাপাশি বিজ্ঞানভিত্তিক সমাজ, জ্ঞানচর্চা ও গবেষণার প্রসারে ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।