গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬ ২০:৩২ পিএম
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও শিক্ষাদর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) ‘নজরুল বর্ষ উদযাপন’ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টায় গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের কেন্দ্রীয় সম্মেলন ও প্রশিক্ষণ কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। সভাপতিত্ব করেন বাউবির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, প্রচলিত শিক্ষাব্যবস্থার সীমাবদ্ধতা পেরিয়ে সমাজের সব শ্রেণির মানুষের জন্য শিক্ষার সুযোগ তৈরি করাই ছিল বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য। ১৯৯২ সালে প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়ে বর্তমানে তিন লাখের বেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন। নতুন প্রজন্মের কাছে নজরুলের জীবন, সাহিত্য ও সৃষ্টিকর্ম তুলে ধরতে নজরুল বর্ষ উদযাপনের গুরুত্ব রয়েছে। এ সময় তিনি সংস্কৃতিকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে নিজস্ব বৈশিষ্ট্যে বিকশিত করার ওপরও গুরুত্বারোপ করেন।
উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, কাজী নজরুল ইসলামের শিক্ষাদর্শনের সঙ্গে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মূল ভাবনার মিল রয়েছে। নজরুল প্রথাগত শিক্ষাপ্রতিষ্ঠানের গণ্ডির বাইরে সবার জন্য জীবনব্যাপী শিক্ষার কথা ভেবেছিলেন। নজরুল বর্ষ উদযাপনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে জাতীয় কবির জীবন, সাহিত্য ও আদর্শ তুলে ধরার উদ্যোগ অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে ‘কাজী নজরুল ইসলামের শিক্ষা-দর্শন ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আদিভাবনা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন নজরুল গবেষক ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ডের সদস্য মো. জেহাদ উদ্দিন। তিনি বলেন, নজরুলের কাছে শিক্ষার উদ্দেশ্য ছিল প্রকৃত মানুষ তৈরি করা। সাম্য, মানবিক মর্যাদা, নারীশিক্ষা, বিজ্ঞানমনস্কতা ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার ভাবনা তার শিক্ষাদর্শনে গুরুত্ব পেয়েছে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষাদর্শনের সঙ্গেও নজরুলের চিন্তার সাদৃশ্য রয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাউবির প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমান, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম ও ট্রেজারার অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন আয়োজন কমিটির আহ্বায়ক ও এসএসএইচএল ডিন অধ্যাপক তানভীর আহসান। ধন্যবাদ জ্ঞাপন করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার টি এম আহমেদ হুসেইন।
আলোচনা সভা শেষে গান, কবিতা আবৃত্তি ও অভিনয়—এই তিন বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ও উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।