জাবি প্রতিবেদক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬ ১৭:২০ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি
পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণে তরুণ প্রজন্মের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং প্রকৃতির প্রতি দায়িত্বশীল মনোভাব গড়ে তোলার লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘পিএইচপি ফ্যামিলি প্রেজেন্টস নেচার ফেস্ট ২.০’। আগামী ১৪ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামে দিনব্যাপী এ উৎসবের আয়োজন করা হয়েছে।
প্রকৃতি সংরক্ষণবিষয়ক সংগঠন নেচার কনজারভেশন ইনিশিয়েটিভের (এনসিআই) উদ্যোগে এবং পিএইচপি ফ্যামিলির পৃষ্ঠপোষকতায় এ উৎসব অনুষ্ঠিত হবে।
সোমবার (৯ নভেম্বর) বিকাল সোয়া ৪টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংগঠনটির নেতারা।
সংবাদ সম্মেলনে এনসিআইয়ের সভাপতি রাজন শাহরিয়ার বলেন, পরিবেশ সংরক্ষণ কেবল আলোচনার বিষয় নয়; এর জন্য প্রয়োজন সচেতনতা, সৃজনশীল চিন্তা, গবেষণা, উদ্ভাবন ও বাস্তবভিত্তিক উদ্যোগ। বিশেষ করে পরিবেশ সংরক্ষণ কার্যক্রমে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি জানান, এ লক্ষ্য সামনে রেখে ‘নেচার ফেস্ট ২.০’-তে বিভিন্ন বয়স ও শিক্ষাগত পর্যায়ের শিক্ষার্থীদের জন্য আটটি প্রতিযোগিতা ও কার্যক্রমের আয়োজন করা হয়েছে। এসব প্রতিযোগিতায় অংশ নিতে কোনো নিবন্ধন ফি লাগবে না।
উৎসবের আয়োজনগুলোর মধ্যে রয়েছে ফটোগ্রাফি প্রদর্শনী, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কুইজ, পোস্টার উপস্থাপনা, তাৎক্ষণিক বক্তৃতা, পরিবেশবিষয়ক প্রকল্প প্রদর্শনী, ট্রেজার হান্ট এবং পরিবেশবিষয়ক প্রবন্ধ রচনা প্রতিযোগিতা।
আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের শুধু প্রতিযোগিতায় অংশগ্রহণের মধ্যে সীমাবদ্ধ না রেখে পরিবেশ সম্পর্কে সম্যক ধারণা দেওয়া এবং পরিবেশ সংরক্ষণে তাদের ভূমিকা সম্পর্কে সচেতন করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। বিশেষ করে পোস্টার উপস্থাপনা ও প্রকল্প প্রদর্শনীর মাধ্যমে শিক্ষার্থীরা পরিবেশের সমসাময়িক সমস্যা, সম্ভাব্য সমাধান ও নিজেদের উদ্ভাবনী ধারণা তুলে ধরার সুযোগ পাবে।
সংবাদ সম্মেলন থেকে আগামী ১৪ নভেম্বরের উৎসবে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেন আয়োজকেরা।