রাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬ ১৬:৩৩ পিএম
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) সব বিভাগের শিক্ষার্থীদের জন্য জেনারেল এডুকেশনাল ডেভেলপমেন্ট (জিইডি) কোর্স হিসেবে প্রজেক্ট ম্যানেজমেন্ট চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। ফলে প্রত্যেক বিভাগের শিক্ষার্থীদের এ কোর্স পড়তে হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও প্রকল্প পরিচালক অধ্যাপক ড. শফিকুল ইসলাম।
সোমবার (৯ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রাঙ্গণে ম্যানেজমেন্ট বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘ম্যানেজমেন্ট ডে’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
অধ্যাপক ড. শফিকুল ইসলাম বলেন, ‘সব জায়গায় ম্যানেজমেন্টের প্রয়োজন হয়। একটি ইভেন্ট পরিচালনা, পরিবার পরিচালনা কিংবা ব্যবসা পরিচালনা—সব ক্ষেত্রেই ম্যানেজমেন্টের প্রয়োজন রয়েছে। বিশেষ করে শিক্ষকেরা যখন গবেষণা করেন, তখন প্রজেক্ট ম্যানেজমেন্টের প্রয়োজন হয়। আমরা আশা করি, শিক্ষার্থীরা নিজ নিজ বিষয়ের জ্ঞানের পাশাপাশি অন্যান্য বিষয়েও দক্ষতা অর্জন করে বিশ্ববিদ্যালয় থেকে বের হবে। তারা সারা দেশে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সুনাম ছড়িয়ে দেবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবসায় অনুষদের ডিন ও ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ রহিম উদ্দিন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক মোহনা বিশ্বাস। এ ছাড়া বিভাগের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অনুষ্ঠানে অংশ নেন।
উল্লেখ্য, ১১ বছর পেরিয়ে ১২তম বছরে পদার্পণ করেছে রাবিপ্রবির ম্যানেজমেন্ট বিভাগ। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ম্যানেজমেন্ট ডে উদযাপনে সকাল থেকেই ক্যাম্পাসে নানা কর্মসূচিতে অংশ নেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।