বিএম প্রতিনিধি
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬ ১৩:১৯ পিএম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকালে কলেজের শহিদ তৌহিদুল ইসলাম কেন্দ্রীয় লাইব্রেরি ভবনের দ্বিতীয় তলায় শিক্ষক সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক কাজী জাবের আহমেদ।
আলোচনা সভায় বক্তারা ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরেন। তাঁরা বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং জাতীয় সংহতি সুদৃঢ় করতে এ দিনের ঐতিহাসিক চেতনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক কাজী জাবের আহমেদ বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। স্বাধীনতা-পরবর্তী রাজনৈতিক অস্থিরতা ও রাষ্ট্রীয় সংকটের প্রেক্ষাপটে সেনাবাহিনীর সদস্য এবং সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণে তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমান বন্দিদশা থেকে মুক্ত হন। এ ঘটনাকে কেন্দ্র করেই দিনটি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পরিচিতি লাভ করে।
তিনি আরও বলেন, জাতীয় সংকট মোকাবিলায় ঐক্য ও সংহতির কোনো বিকল্প নেই। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় আইনের শাসন, স্বচ্ছতা, জবাবদিহি এবং নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে অধ্যাপক মো. মহিউদ্দিন চৌধুরী বলেন, ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে তৎকালীন মেজর জিয়াউর রহমানের সাহসিকতা ও নেতৃত্বের বিষয়টি ইতিহাসে গুরুত্বপূর্ণ। রাজনৈতিক কারণে কোনো ব্যক্তির ঐতিহাসিক অবদান অস্বীকার বা বিকৃত করা উচিত নয়। জাতীয় ঐক্য প্রতিষ্ঠা এবং ইতিহাসের সঠিক মূল্যায়নের মাধ্যমেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব।
আলোচনা পর্ব শেষে কলেজের সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা দেশাত্মবোধক গান পরিবেশন করেন। পরে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে অতিথিরা পুরস্কার ও সম্মাননা তুলে দেন।
অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।