মো. শফিকুল ইসলাম খান। ছবি: সংগৃহীত
ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)-এর ২০২৭-২৮ মেয়াদের আসন্ন কেন্দ্রীয় নির্বাচনকে ঘিরে আবারও আলোচনায় এসেছে সংস্থাটির কাউন্সিলর সদস্য, প্রবীণ প্রকৌশলী ও ডুয়েট ছাত্রদলের সাবেক সভাপতি মো. শফিকুল ইসলাম খান হত্যাকাণ্ড। ঘটনার এক বছর পার হলেও বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তার সহকর্মী ও রাজনৈতিক সহযোদ্ধারা। তাদের অভিযোগ, হত্যাকাণ্ডে জড়িত একাধিক ব্যক্তি এবার আইইবি নির্বাচনে প্রার্থী হয়েছেন।
আওয়ামী লীগ সরকারের পতনের পর আইইবিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। ২০২৫ সালে নির্বাচনসংক্রান্ত ‘এক্সট্রা অর্ডিনারি জেনারেল মিটিং’ (ইওজিএম) ঘিরে উত্তেজনা ও সহিংসতা ছড়িয়ে পড়ে। এ সময় হামলায় মাথায় গুরুতর আঘাত পান প্রকৌশলী শফিকুল ইসলাম খান। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সহযোদ্ধারা তাকে আইইবি অবৈধ দখলমুক্ত করার আন্দোলনের প্রথম শহীদ হিসেবে আখ্যায়িত করেন।
নিহত শফিকুল তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির সাবেক জেনারেল ম্যানেজার (জিএম), জাতীয়তাবাদী ছাত্রদলের ডুয়েট শাখার সাবেক আহ্বায়ক এবং ‘এক্স-জেসিডি ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ’-এর যুগ্ম আহ্বায়ক ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও সংবাদসূত্রের তথ্যমতে, বাংলাদেশ জাতীয়তাবাদী ভাবাপন্ন প্রকৌশলীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) এবং এক্স-জেসিডি ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের ব্যানারে আয়োজিত মহাসমাবেশ চলাকালে প্রতিপক্ষের হামলার শিকার হন শফিকুল। গুরুতর আহত অবস্থায় তিনি ৪-৫ বার বমি করেন। পরে তাকে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়। সেখানে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ইবনে সিনা হাসপাতালের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১০ মে সন্ধ্যা ৭টার দিকে শফিকুলকে হাসপাতালে ভর্তি করা হয়। দ্রুত তাকে আইসিইউতে নেওয়া হয়। পরে সিটি স্ক্যানসহ বিভিন্ন পরীক্ষা করা হয়। পরীক্ষার ভিত্তিতে ডায়াবেটিস (ডিএম), উচ্চ রক্তচাপ (এইচটিএন) ও হেমোরেজিক স্ট্রোকে আক্রান্ত হিসেবে তাকে শনাক্ত করা হয়।
তবে শফিকুলের মৃত্যু নিয়ে অপপ্রচার চালানো হয়েছে বলে দাবি করেছিল আইইবির তৎকালীন কর্তৃপক্ষ।
এক সংবাদ সম্মেলনে স্কয়ার হাসপাতালের মৃত্যু সনদের বরাত দিয়ে তারা জানায়, শফিকুলের ম্যাসিভ হেমোরেজ, নিউমোনিয়া, তীব্র কিডনি সমস্যা, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস ছিল। তার শরীরে কোনো ‘বাহ্যিক আঘাত’ (এক্সটার্নাল ইনজুরি) ছিল না বলেও দাবি করা হয়। তবে আঘাতের পর ৪-৫ বার বমি করার বিষয়টি সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়নি বলে অভিযোগ রয়েছে।
হামলার পর শফিকুলের সহকর্মীরা বিভিন্ন প্রকৌশলী গ্রুপকে দায়ী করে সংবাদ সম্মেলন করেন। তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান। তবে ঘটনার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কাউকে আইনের আওতায় আনা হয়নি বলে অভিযোগ তাদের। আসন্ন আইইবি নির্বাচনে শফিকুল হত্যাকাণ্ডে অভিযুক্ত একাধিক ব্যক্তি প্রার্থী হয়েছেন বলেও দাবি করেছেন সহকর্মীরা।
বিচারপ্রক্রিয়া থমকে যাওয়ার বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক্স-জেসিডি ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের এক জ্যেষ্ঠ নেতা বলেন, শুরু থেকেই তারা বিচারের দাবিতে সোচ্চার ছিলেন। তবে পরবর্তী সময়ে বিষয়টি নিয়ে রাজনৈতিক চাপ সৃষ্টি করা হয়। বিচার দাবি করা অনেক নেতাকে সরকারের বিভিন্ন পদে বসিয়ে শান্ত করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। অন্যদিকে, অভিযুক্তরাও অদৃশ্য কারণে ছাড় পেয়ে গেছেন বলে দাবি তার।