পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬ ১৬:০৯ পিএম
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বরিশাল ক্যাম্পাসে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’-এর ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) বাঁধন, পবিপ্রবি ইউনিটের (বরিশাল ক্যাম্পাস) উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনটির কার্যনির্বাহী সদস্য, স্বেচ্ছাসেবী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেন।
কর্মসূচিতে অংশগ্রহণকারীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের পাশাপাশি শিক্ষার্থীদের হাতে-কলমে রক্তের গ্রুপ নির্ণয়ের পদ্ধতি শেখানো হয়। দিনব্যাপী এ আয়োজনে মোট ৮০ জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীরা এ বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের জেনারেল অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল নিউট্রিশন বিভাগের অধ্যাপক ড. ননী গোপাল শাহা।
আয়োজকেরা জানান, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে স্বেচ্ছায় রক্তদানের মানসিকতা তৈরি, রক্তদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং জরুরি প্রয়োজনে রক্তদাতা খুঁজে পেতে সহায়ক ভূমিকা রাখবে।
উল্লেখ্য, বাঁধন দীর্ঘদিন ধরে স্বেচ্ছায় রক্তদান, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এবং রক্তদানে জনসচেতনতা তৈরিতে কাজ করে যাচ্ছে।