নর্দার্ন ইউনিভার্সিটি (খুলনা) প্রতিনিধি
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬ ২২:১৮ পিএম
নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি খুলনার (এনইউবিটিকে) সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের শিক্ষার্থীদের সংগঠন জেএমসি ক্লাবের ২০২৬ সালের ফল সেমিস্টারের নতুন নির্বাহী কমিটি নির্বাচিত হয়েছে। কমিটিতে সভাপতি হয়েছেন মোসাহেব হোসাইন আবির এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. মুজাহিদুর রহমান।
ক্লাবের নির্বাহী সদস্যদের প্রত্যক্ষ ভোটে নতুন এ কমিটি নির্বাচিত হয়। এতে সহ-সভাপতি হয়েছেন প্রার্থী মণ্ডল। নবনির্বাচিত কমিটির অন্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ফুয়াদ, অর্থ সম্পাদক আরিফুল হক ইমন, অফিস সম্পাদক মারজান রহমান, সাংস্কৃতিক সম্পাদক সিনথিয়া আলম মিম, খেলাধুলাবিষয়ক সম্পাদক তামিম হাসান লিয়ন এবং দক্ষতা উন্নয়ন সম্পাদক নিরব হাসান ফাহিম।
নবনির্বাচিত কমিটির মাধ্যমে জেএমসি ক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি শিক্ষার্থীদের পেশাগত সাংবাদিকতা চর্চা, ব্যবহারিক দক্ষতা অর্জন, নেতৃত্বের বিকাশ ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ততার সুযোগ বাড়ানোর প্রত্যাশা করা হচ্ছে।
নবনির্বাচিত সভাপতি মোসাহেব হোসাইন আবির বলেন, নতুন দায়িত্ব আমাদের জন্য যেমন আনন্দের, তেমনি এটি একটি বড় দায়িত্বও। জেএমসি ক্লাবকে আরও কার্যকর ও শিক্ষার্থীবান্ধব সংগঠন হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করতে চাই। শিক্ষার্থীদের সাংবাদিকতা চর্চা, দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ এবং সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ তৈরিতে নতুন কমিটি সম্মিলিতভাবে কাজ করবে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের আগ্রহ, সৃজনশীলতা ও পেশাগত সম্ভাবনাকে কাজে লাগিয়ে ক্লাবের কার্যক্রম আরও সমৃদ্ধ করার উদ্যোগ নেওয়া হবে।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. মুজাহিদুর রহমান বলেন, জেএমসি ক্লাবের নির্বাচিত ও অনির্বাচিত সব সদস্যকে সঙ্গে নিয়ে আমরা একটি ঐক্যবদ্ধ টিম হিসেবে কাজ করতে চাই। দলগত প্রচেষ্টায় ক্লাবকে বিশ্ববিদ্যালয়ের অন্যতম শিক্ষার্থীবান্ধব প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, সাংস্কৃতিক বিকাশ ও মানসিক উৎকর্ষ সাধনে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, ক্লাবের কার্যক্রমে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ইতিবাচক সাংগঠনিক পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হবে।
নতুন কমিটির দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে জেএমসি ক্লাবের কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। শিক্ষার্থীদের সাংবাদিকতাবিষয়ক জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি, সৃজনশীল চিন্তার বিকাশ এবং সাংগঠনিক নেতৃত্ব তৈরিতে ক্লাবটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।