আইন পেশায় সফল হতে হলে মানবিক মূল্যবোধ, পেশাগত দক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি: সংগৃহীত
আইন পেশায় সফল হতে হলে মানবিক মূল্যবোধ, পেশাগত দক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
তিনি বলেন, বিপদে পড়ে কেউ আইনজীবীর কাছে এলে তার ওপর আস্থা, বিশ্বাস ও প্রত্যাশা রাখেন। তাই মক্কেলের আর্থিক সামর্থ্য বিবেচনা না করে যথাযথ আইনি যুক্তি উপস্থাপন এবং পেশাগত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করা আইনজীবীর প্রধান কর্তব্য।
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় শুক্রবার ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) অডিটোরিয়ামে আন্তর্জাতিক মানবিক আইনবিষয়ক ১৭তম হেনরি ডুনান্ট মেমোরিয়াল মুট কোর্ট প্রতিযোগিতা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি) ও আইইউবি যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে।
আইনমন্ত্রী বলেন, আইন পেশা অত্যন্ত কঠিন ও চ্যালেঞ্জিং। এ পেশায় শুধু অর্থ উপার্জন নয়, প্রয়োজন পেশাদারত্ব, অধ্যবসায়, গবেষণা ও পূর্ণ অঙ্গীকার। আদালতে প্রতিটি শব্দ ও যুক্তির গুরুত্ব রয়েছে। তাই গবেষণার মাধ্যমে নির্ভুল তথ্য ও শক্তিশালী আইনি যুক্তি উপস্থাপনের প্রস্তুতি নিতে হবে। মক্কেলের দেওয়া পারিশ্রমিক নয়, তার পক্ষে যথাযথ আইনি যুক্তি তুলে ধরতে পারাই একজন আইনজীবীর কাছে মুখ্য হওয়া উচিত।
অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং বিনা মূল্যে আইনি সহায়তা দেওয়াকে আইনজীবীদের পেশাগত জাকাত উল্লেখ করে তিনি বলেন, আইন পেশায় মানবিক মূল্যবোধ ও দায়িত্ববোধকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
আন্তর্জাতিক মানবিক আইন ও মানবাধিকারের পার্থক্য তুলে ধরে মন্ত্রী বলেন, মানবাধিকার মানুষের মৌলিক অধিকার নিয়ে কাজ করে। অন্যদিকে, যুদ্ধ বা সশস্ত্র সংঘাতের পরিস্থিতিতে আন্তর্জাতিক মানবিক আইন প্রযোজ্য হয়। তবে সময়ের সঙ্গে যুদ্ধের ধরন ও কৌশলে পরিবর্তন এসেছে। অস্ত্র, বোমা ও গুলির পাশাপাশি অর্থনৈতিক চাপ, বাণিজ্যিক বিরোধ, বাণিজ্য বন্ধ এবং ভিসা বিধিনিষেধও রাষ্ট্রের ওপর চাপ সৃষ্টির উপায় হিসেবে ব্যবহৃত হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশও নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। এ বাস্তবতায় আন্তর্জাতিক মানবিক আইনের প্রয়োগ ও প্রাসঙ্গিকতা নিয়ে নতুন করে ভাবতে হবে।
তরুণ প্রজন্মের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, প্রতিটি প্রজন্মের নিজস্ব স্বপ্ন, প্রত্যাশা ও দায়িত্ব রয়েছে। মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালের গণ-অভ্যুত্থান এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থান ভিন্ন প্রজন্মের আকাঙ্ক্ষা ও দায়িত্বের প্রতিফলন। তরুণদের মেধা, প্রজ্ঞা, যুক্তি, পরিশ্রম ও অঙ্গীকার দিয়ে দেশের নেতৃত্ব গ্রহণ করতে হবে। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বিশ্ব গড়ে তুলতে কাজ করতে হবে।
অনুষ্ঠানে আইইউবির উপাচার্য অধ্যাপক এম. তামিম সভাপতিত্ব করেন। বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান দিদার এ হোসেন, বাংলাদেশে আইসিআরসির হেড অব ডেলিগেশন নিকোলাস ফ্লুরি এবং আইইউবির স্কুল অব ল-এর উপদেষ্টা অধ্যাপক বোরহান উদ্দিন খান।
প্রতিযোগিতায় দেশের ২৯টি বিশ্ববিদ্যালয়ের ২৯টি দল লিখিত আইনি যুক্তি ও গবেষণাপত্র জমা দেয়। সেখান থেকে নির্বাচিত ১৬টি দল কোয়ার্টার ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে। এ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানবিক আইন, সশস্ত্র সংঘাতের সময় মানবিক সুরক্ষা, আইনের প্রয়োগ, গবেষণা, বিশ্লেষণ ও যুক্তি উপস্থাপনের দক্ষতা অর্জনের সুযোগ পাবে।