হাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬ ১৭:৪৬ পিএম
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ১৭তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড-২০২৬-এর রংপুর অঞ্চলের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনের চত্বরে উদ্বোধনী অনুষ্ঠান ও র্যালির মধ্য দিয়ে এ আয়োজন শুরু হয়। পরে দুই ঘণ্টার গণিত প্রতিযোগিতায় রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে আসা ১০৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
বাংলাদেশ গণিত সমিতি ও এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এবং হাবিপ্রবির গণিত বিভাগের ব্যবস্থাপনায় এ আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. এনামুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নওশের ওয়ান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মাসুদুল হাসান খান এবং বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোমিনুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণিত বিভাগের চেয়ারম্যান ও আঞ্চলিক পর্বের কনভেনর অধ্যাপক ড. মো. তারিকুল ইসলাম।
উপাচার্য অধ্যাপক ড. এম. এনামুল্লাহ বলেন, গণিত আমাদের শিক্ষার ভিত্তিমূলের একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিজ্ঞান ও প্রযুক্তির প্রায় প্রতিটি ক্ষেত্রেই গণিতের মৌলিক প্রয়োগ রয়েছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডেটা সায়েন্সের মতো আধুনিক প্রযুক্তিনির্ভর ক্ষেত্রগুলোর বিকাশে গণিতের ভূমিকা অপরিসীম। এসব ক্ষেত্রে কাঙ্ক্ষিত উন্নতি অর্জনে গণিতের প্রতি আগ্রহী ও মেধাবী শিক্ষার্থীদের খুঁজে বের করে তাদের বিকাশের সুযোগ তৈরি করতে হবে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের পাশাপাশি দেশের ভবিষ্যৎকে আরও সমৃদ্ধ করার পথ তৈরি হবে।
অনুষ্ঠানের সভাপতি ও আঞ্চলিক পর্বের কনভেনর অধ্যাপক ড. মো. তারিকুল ইসলাম বলেন, এবারের রংপুর অঞ্চলের প্রতিযোগিতায় ১০৭ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন। তাদের জন্য দুই ঘণ্টাব্যাপী সমস্যা সমাধানভিত্তিক গণিতের প্রশ্ন নির্ধারণ করা হয়েছিল। উত্তরপত্র মূল্যায়ন শেষে সর্বোচ্চ নম্বর পাওয়া ১০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হবে। তারা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবেন।
তিনি আরও জানান, জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতা আগামী ৪ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে আঞ্চলিক পর্যায় থেকে নির্বাচিত শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন। পাশাপাশি আগামী বছর কম্বোডিয়ায় আন্তর্জাতিক পর্যায়ের আয়োজন অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা রয়েছে।
আয়োজকদের মতে, জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড কেবল একটি প্রতিযোগিতা নয়; বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে গণিতচর্চা, যৌক্তিক চিন্তা, বিশ্লেষণী দক্ষতা ও সমস্যা সমাধানের সক্ষমতা বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এ আয়োজনের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের মেধাবী শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণের সুযোগ তৈরি হচ্ছে।
উল্লেখ্য, ১৭তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড-২০২৬-এর আঞ্চলিক পর্ব দেশের বিভিন্ন অঞ্চলে অনুষ্ঠিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় হাবিপ্রবিতে রংপুর অঞ্চলের প্রতিযোগিতা আয়োজন করা হয়।