প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬ ২০:৩৯ পিএম
২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়ে সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সাপ্লিমেন্টারি পরীক্ষা আয়োজন করতে যাচ্ছে ঢাকা শিক্ষা বোর্ড। এ পরীক্ষার আবেদন ফরম পূরণ শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর)। আগামী ১ ডিসেম্বর থেকে পরীক্ষা শুরু হবে।
বুধবার (৪ নভেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের (www.dhakaeducationboard.gov.bd) মাধ্যমে প্রকাশিত সম্ভাব্য তালিকা থেকে আগামী ৫ নভেম্বর থেকে ৯ নভেম্বরের মধ্যে অনলাইনে ফরম পূরণ করতে হবে। এ ছাড়া ‘সোনালী সেবার’ মাধ্যমে পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ তারিখ ১০ নভেম্বর। নির্ধারিত সময়ের পর কোনো অবস্থাতেই ফি ও কাগজপত্র গ্রহণ করা হবে না।
এতে আরও ভলা হয়, পরীক্ষার ফি সোনালী ব্যাংকের যেকোনো শাখা থেকে সোনালী সেবার মাধ্যমে ঢাকা শিক্ষা বোর্ডের সচিবের অনুকূলে জমা দিতে হবে। নগদ টাকা বা পে-অর্ডারের মাধ্যমে কোনো ফি গ্রহণ করা হবে না। তত্ত্বীয় প্রতি পত্র বা বিষয়ের ফি ১২৫ টাকা এবং ব্যবহারিক প্রতি পত্র বা বিষয়ের ফি ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া জনপ্রতি কেন্দ্র ফি ৪৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
সিলেবাস সংক্রান্ত বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়মিত পরীক্ষার্থীদের জন্য ২০২৬ সালের পূর্ণাঙ্গ পাঠ্যসূচি এবং অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য ২০২৫ সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী এই সাপ্লিমেন্টারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।