× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্লু ইকোনমির সমস্যা সমাধানে বিএমইউতে ‘ব্লু এআই চ্যালেঞ্জ’

মেরিটাইম ইউনিভার্সিটি প্রতিনিধি

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬ ২০:১৩ পিএম

ব্লু ইকোনমির সমস্যা সমাধানে বিএমইউতে ‘ব্লু এআই চ্যালেঞ্জ’

বাংলাদেশের ব্লু ইকোনমির বিভিন্ন বাস্তব সমস্যা চিহ্নিত করে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) উদ্ভাবনী সমাধান তৈরির লক্ষ্যে ‘ব্লু এআই চ্যালেঞ্জ ২০২৬-২৭’ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি (বিএমইউ)। বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। আগ্রহী শিক্ষার্থীদের আগামী ১৫ নভেম্বরের মধ্যে নিবন্ধন করতে হবে।

‘ইন্টেলিজেন্ট সলিউশনস ফর বাংলাদেশ ব্লু ইকোনমি’ প্রতিপাদ্যে আয়োজিত এ প্রতিযোগিতার মূল লক্ষ্য দেশের সমুদ্র অর্থনীতির বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় এআইভিত্তিক কার্যকর সমাধান খুঁজে বের করা। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে আন্তবিভাগীয় সহযোগিতা, গবেষণা, তথ্য বিশ্লেষণ ও প্রযুক্তিগত উদ্ভাবনের দক্ষতা বাড়ানো এবং এআইয়ের দায়িত্বশীল ও নৈতিক ব্যবহার উৎসাহিত করা।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক আদেশ অনুযায়ী, প্রতিযোগিতায় বিএমইউর সব বিভাগের বর্তমান শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন। প্রতিটি দলে তিন থেকে পাঁচজন সদস্য থাকতে পারবেন। বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের সমন্বয়ে দল গঠনে উৎসাহিত করা হয়েছে। একজন শিক্ষার্থী কেবল একটি দলের হয়ে অংশ নিতে পারবেন। প্রতিটি দল থেকে একজনকে যোগাযোগের দায়িত্ব দিতে হবে।

প্রতিযোগিতার জন্য পাঁচটি চ্যালেঞ্জ ক্ষেত্র নির্ধারণ করা হয়েছে। এগুলো হলো ঐতিহ্যবাহী মৎস্য আহরণবিষয়ক জ্ঞান, বন্দর ও জাহাজ চলাচল, উপকূলীয় জনগোষ্ঠী ও জলবায়ু, সামুদ্রিক তথ্যের ঘাটতি এবং সমুদ্রবিজ্ঞান গবেষণা।

এসব ক্ষেত্রে এআই ব্যবহার করে বাস্তব সমস্যার সমাধানের প্রস্তাব দিতে পারবেন প্রতিযোগীরা। এর মধ্যে রয়েছে আঞ্চলিক ভাষায় জেলেদের অভিজ্ঞতা ও ঐতিহ্যবাহী জ্ঞান সংরক্ষণ এবং তা অনুসন্ধানযোগ্য করার ব্যবস্থা, জাহাজ চলাচল বিশ্লেষণের মাধ্যমে বন্দরের যানজটের পূর্বাভাস ও নিরাপদ পরিচালনা নিশ্চিত করা এবং উপকূলীয় জনগোষ্ঠীর কাছে আগাম সতর্কবার্তা ও পরিবেশগত তথ্য সহজে পৌঁছে দেওয়া। এ ছাড়া ছড়িয়ে-ছিটিয়ে থাকা সামুদ্রিক তথ্য ব্যবহারোপযোগী করা এবং সমুদ্রবিজ্ঞান গবেষণার নতুন ক্ষেত্র চিহ্নিত করার বিষয়ও প্রতিযোগিতার আওতায় থাকবে।

আয়োজকদের নির্দেশনায় বলা হয়েছে, প্রস্তাবিত সমাধানে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার কেন প্রয়োজন, তা যৌক্তিকভাবে তুলে ধরতে হবে। শুধু সাধারণ চ্যাটবট বা প্রচলিত সফটওয়্যার তৈরি করলেই তা এআইভিত্তিক উদ্ভাবন হিসেবে বিবেচিত হবে না। সমাধানে এআইয়ের কার্যকর ও বিশ্বাসযোগ্য ভূমিকা থাকতে হবে।

প্রতিযোগিতায় দুটি বিভাগে পুরস্কার দেওয়া হবে। এর মধ্যে ‘বেস্ট এআই ইনোভেশন কনসেপ্ট’ বিভাগে কার্যকারণ ও তথ্য-প্রমাণভিত্তিক উদ্ভাবনী ধারণাকে স্বীকৃতি দেওয়া হবে। এ বিভাগে কার্যকর প্রোটোটাইপ থাকা বাধ্যতামূলক নয়। অন্যদিকে ‘বেস্ট এআই সলিউশন প্রোটোটাইপ’ বিভাগে কার্যকর নমুনা বা প্রোটোটাইপ তৈরি করে বিচারকদের সামনে প্রদর্শন করতে হবে। পুরস্কারের সংখ্যা ও অর্থমূল্য পরবর্তী সময়ে ঘোষণা করা হবে। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অংশ নেওয়া সবাইকে সনদ দেওয়া হবে।

প্রতিযোগিতার মাধ্যমে বাছাই করা দলগুলোকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের তত্ত্বাবধানে পরামর্শ ও দিকনির্দেশনা দেওয়া হবে। পাশাপাশি এআই ও তথ্যবিজ্ঞান বিষয়ে অনলাইন সেশনের মাধ্যমে প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের নিয়ে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ে এআই ক্লাব গঠনের পরিকল্পনাও রয়েছে। নির্বাচিত প্রকল্পগুলো পরবর্তী সময়ে গবেষণা, শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্ব, পরীক্ষামূলক প্রয়োগ এবং আন্তবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেতে পারে।

২০২৭ সালের ১১ জানুয়ারি সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে প্রতিযোগিতার মূল আয়োজন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ ছাড়া ২০২৭ সালে বিএমইউর আয়োজনে একটি আন্তবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় অংশ নেবে এ প্রতিযোগিতার সেরা দুটি দল।

প্রতিযোগিতার দল বাছাই ও মূল্যায়নের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি বিচারক প্যানেল প্রস্তাব করবে। প্রতিযোগিতার কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের স্বার্থে প্রয়োজন অনুযায়ী সময়সূচি ও অন্যান্য আয়োজন পরিবর্তনের অধিকার সংরক্ষণ করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা