ডিআইইউ প্রতিনিধি
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬ ১৯:৪৪ পিএম
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ইংরেজি বিভাগের সহশিক্ষা কার্যক্রমকে আরও প্রাণবন্ত ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ‘দ্য ইংলিশ ক্লাব’। ক্লাবটির আয়োজনে অনুষ্ঠিত আন্তবিভাগীয় ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন ও হলগুলোর প্রভোস্ট অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে সাজ্জাদ হোসেন বলেন, ‘ইংরেজি বিভাগে দ্য ইংলিশ ক্লাব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ক্লাবটি প্রতিষ্ঠার আগে বিভাগে সহশিক্ষা কার্যক্রমের ক্ষেত্রে বেশ কিছুটা শূন্যতা ছিল। দ্য ইংলিশ ক্লাব সেই জায়গায় নতুন উদ্দীপনা ও কার্যক্রমের সূচনা করেছে। ভবিষ্যতেও ক্লাবটি এ ধরনের সুন্দর ও গঠনমূলক আয়োজন করবে বলে আমি আশাবাদী।’
তিনি আরও বলেন, ক্লাবটির এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ, নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি এবং পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য গড়ে তুলতে ইতিবাচক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ শাহ আলম চৌধুরী, ইংরেজি বিভাগের চেয়ারম্যান আরিফ আহমেদ এবং দ্য ইংলিশ ক্লাবের প্রধান উপদেষ্টা সহযোগী অধ্যাপক মো. আতিকুর রহমান মামুন। এ ছাড়া বিভাগের অন্যান্য শিক্ষক, ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এ আয়োজনের মধ্য দিয়ে দ্য ইংলিশ ক্লাবের আন্তবিভাগীয় ক্রিকেট টুর্নামেন্টের সমাপ্তি হয়। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দলীয় ঐক্য, নেতৃত্ব, পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য বাড়ানোর পাশাপাশি বিভাগের সহশিক্ষা কার্যক্রমকে আরও সমৃদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেছে ক্লাবটি।