বিইউপি প্রতিনিধি
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬ ১৮:২৭ পিএম
প্রথমবারের মতো উন্মুক্ত আকাশের নিচে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) আন্তবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬-এর সেমিফাইনাল পর্ব। বিশ্ববিদ্যালয়ের মনপুরা লেকসংলগ্ন অ্যাম্ফিথিয়েটারে মনোরম প্রাকৃতিক পরিবেশে এ প্রতিযোগিতায় যুক্তিতর্কে অংশ নেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
বুধবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওয়েস্ট ক্যাম্পাসে বিইউপি ডিবেট ক্লাব এ প্রতিযোগিতার আয়োজন করে। এতে বিশ্ববিদ্যালয়ের ১২টি বিভাগের শিক্ষার্থীদের দল অংশগ্রহণ করে। উন্মুক্ত পরিবেশে আয়োজিত এ প্রতিযোগিতা ঘিরে শিক্ষক-শিক্ষার্থী ও দর্শকদের মধ্যে আগ্রহ দেখা যায়।
সেমিফাইনাল পর্বে দুটি বিতর্ক অনুষ্ঠিত হয়। প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় ফিন্যান্স ও মার্কেটিং বিভাগ। এ পর্বের বিতর্কের বিষয় ছিল, ‘বিদেশে উচ্চশিক্ষা উন্নয়নশীল দেশগুলোর জন্য ক্ষতির চেয়ে উপকারই বেশি করেছে।’ দ্বিতীয় সেমিফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে বিবিএ জেনারেল ও আইন বিভাগ।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা যুক্তি, পাল্টাযুক্তি ও সাবলীল উপস্থাপনার মাধ্যমে নিজেদের বিশ্লেষণী দক্ষতা ও বাগ্মিতা তুলে ধরেন। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের যুক্তিনির্ভর চিন্তাভাবনা, তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ এবং গঠনমূলক বিতর্কের চর্চাকে উৎসাহিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।