× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কিউএস র‌্যাঙ্কিংয়ে দক্ষিণ এশিয়ার শীর্ষ ১০০-তে গাকৃবি

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬ ১৭:৪৪ পিএম

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়। ছবি : প্রতিদিনের বাংলাদেশ

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়। ছবি : প্রতিদিনের বাংলাদেশ

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি এশিয়া র‌্যাঙ্কিং ২০২৭-এ দক্ষিণ এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৯৮তম স্থান অর্জন করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)। এ ছাড়া একই র‌্যাঙ্কিংয়ে ‘সাইটেশনস পার পেপার’ সূচকে এশিয়াজুড়ে ৮৬তম অবস্থানে রয়েছে বিশ্ববিদ্যালয়টি।

মঙ্গলবার (৩ নভেম্বর) আন্তর্জাতিক র‌্যাঙ্কিং প্রতিষ্ঠান কোয়াককোয়ারেলি সাইমন্ডস (কিউএস) এ র‌্যাঙ্কিং প্রকাশ করে। এতে এশিয়ার ২৬টি দেশের ১ হাজার ৭২২টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। তালিকায় প্রথম অবস্থানে রয়েছে হংকং বিশ্ববিদ্যালয় এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে চীনের পিকিং বিশ্ববিদ্যালয়।

দক্ষিণ এশিয়ার শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে গাকৃবির এ অবস্থানকে দেশের উচ্চশিক্ষা ও গবেষণা খাতের জন্য উল্লেখযোগ্য অর্জন হিসেবে দেখছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ সাফল্যে সন্তোষ প্রকাশ করে উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে এ অর্জন শিক্ষক-শিক্ষার্থী, গবেষক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টা, নিষ্ঠা ও গবেষণার প্রতি দায়বদ্ধতার প্রতিফলন। বিশেষ করে ‘সাইটেশনস পার পেপার’ সূচকে এশিয়ায় ৮৬তম অবস্থান বিশ্ববিদ্যালয়ের গবেষণার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও প্রভাবের স্বীকৃতি।

উপাচার্য আরও বলেন, র‌্যাঙ্কিংয়ে অবস্থান অর্জনের বাইরেও গবেষণার সুফল মানুষের কাছে পৌঁছে দেওয়া, দক্ষ ও মানবিক নতুন প্রজন্ম গড়ে তোলা এবং দেশের টেকসই উন্নয়নে অবদান রাখাই গাকৃবির লক্ষ্য।

এর আগে ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এ দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে প্রতিযোগিতা করে চ্যাম্পিয়ন হয় গাকৃবি। আন্তর্জাতিক বিভিন্ন র‌্যাঙ্কিংয়েও সাম্প্রতিক সময়ে সাফল্য পেয়েছে বিশ্ববিদ্যালয়টি।

টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংস ২০২৭-এ দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে গাকৃবি। এ ছাড়া টিএইচই সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট র‌্যাঙ্কিং ২০২৬-এ বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম হয়েছে বিশ্ববিদ্যালয়টি। এসডিজি-১ বা দারিদ্র্যমুক্তি সূচকে বিশ্বে ৮২তম, এসডিজি-২ বা ক্ষুধামুক্তি সূচকে ৬৬তম এবং এসডিজি-৪ বা মানসম্মত শিক্ষা সূচকে ১০১ থেকে ২০০-এর মধ্যে স্থান পেয়েছে।

এ ছাড়া ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংস ফর ইনোভেশন (উরি) ২০২৬-এ বাংলাদেশের একমাত্র সরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে ‘ফিন্যান্সিয়াল ইমপ্যাক্ট ড্রাইভেন টেকনোলজি ট্রান্সফার’ ক্যাটাগরিতে বিশ্বে ২৩তম স্থান অর্জন করেছে গাকৃবি। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাসটেইনেবিলিটি র‌্যাঙ্কিংস ২০২৬-এ দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থানও অর্জন করেছে বিশ্ববিদ্যালয়টি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা