বেরোবি প্রতিনিধি
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬ ২০:০৮ পিএম
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ‘নজরুল বর্ষ ২০২৬’ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার তৃতীয় তলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী।
উপাচার্য বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী চেতনা, সাম্য ও অসাম্প্রদায়িক আদর্শ আমাদের চিরকাল অনুপ্রাণিত করে। নতুন প্রজন্মের মাঝে নজরুলের সাহিত্য ও জীবনদর্শন ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন এবং এ ধরনের আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি।
সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম। তিনি বলেন, নজরুলকে যত বেশি আনুষ্ঠানিকতা ও ক্ষমতাবানদের পরিমণ্ডলে সীমাবদ্ধ রাখা হবে, ততই তিনি মানুষের কাছ থেকে হারিয়ে যেতে থাকবে। নজরুলকে বুঝতে হলে তাকে জনমানুষের কবি হিসেবে দেখতে হবে। ধূমকেতু, গণমানুষ ও সর্বহারার চেতনার মধ্যেই নজরুলের আদর্শিক পরিচয় খুঁজে পাওয়া যায়। এ কারণেই নজরুলকে রাষ্ট্রীয় কর্তৃত্বের বাইরে থেকে বুঝতে হবে।
অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. নিতাই কুমার ঘোষ এবং কেন্দ্রীয় গ্রন্থাগার ও তথ্যকেন্দ্রের পরিচালক ড. মো. মনিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান।
‘নজরুল বর্ষ উদযাপন কমিটি ২০২৬’-এর আহ্বায়ক অধ্যাপক ড. মো. শাহ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। সেমিনার শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।