× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্যাংকঋণের নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নের তাগিদ

বিইউপি প্রতিনিধি

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬ ১৯:৪০ পিএম

ব্যাংকঋণের নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নের তাগিদ

ব্যাংকঋণের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা কমিয়ে পুঁজিবাজার ও বিকল্প অর্থায়নের সুযোগ সম্প্রসারণের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, বিনিয়োগের নতুন ক্ষেত্র তৈরি এবং দীর্ঘমেয়াদি অর্থায়ন নিশ্চিত করা না গেলে দেশের অর্থনৈতিক রূপান্তরের লক্ষ্য অর্জন কঠিন হয়ে পড়বে।

‘ফাইন্যান্সিং বাংলাদেশ’স ইকোনমিক ট্রান্সফরমেশন: ইনভেস্টমেন্ট, ক্যাপিটাল মার্কেটস অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন বক্তারা। সোমবার (২ নভেম্বর) বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এম মাসরুর রিয়াজ। প্যানেল প্রেজেন্টেশন উপস্থাপন করেন মেটলাইফ বাংলাদেশের সিনিয়র ম্যানেজার শাফী বিন আলম এবং বিইউপির ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক মো. ইউসুফ আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের ডিন ব্রিগেডিয়ার জেনারেল মো. আমিনুল আকবর খান।

সেমিনারের শুরুতে বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী আরাফিন আহমেদ বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে নিজের পর্যবেক্ষণ তুলে ধরেন। একই সঙ্গে দেশের বর্তমান প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয়-স্নাতকদের ভবিষ্যৎ ও সম্ভাবনা নিয়ে বিশেষজ্ঞদের কাছে প্রশ্ন রাখেন তিনি।

পরে একাডেমিক দৃষ্টিকোণ থেকে আলোচনা করেন সহকারী অধ্যাপক মো. ইউসুফ আহমেদ। বাংলাদেশের শিল্প ও অর্থনৈতিক কাঠামোর পরিবর্তনের উদাহরণ হিসেবে তিনি আদমজী জুট মিলস থেকে আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) প্রতিষ্ঠার বিষয়টি তুলে ধরেন। ভবিষ্যতে বেসরকারি খাতে ঋণপ্রবাহ বাড়ানো সম্ভব হলে এ ধরনের অর্থনৈতিক রূপান্তরের আরও সুযোগ তৈরি হতে পারে বলে তিনি উল্লেখ করেন।

মূল প্রবন্ধে ড. এম মাসরুর রিয়াজ বাংলাদেশের অর্থনীতির সম্ভাবনা ও বিনিয়োগের নতুন ক্ষেত্র নিয়ে আলোচনা করেন। তিনি দেশের দ্রুত বর্ধনশীল ভোক্তা বাজার, প্রতিযোগিতামূলক উৎপাদন ব্যয়, জনমিতিক সুবিধা এবং অর্থনৈতিক অঞ্চলকে অর্থনীতির গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে চিহ্নিত করেন। বিনিয়োগের অগ্রাধিকার খাত হিসেবে কৃষিভিত্তিক ব্যবসা, ডিজিটাল অর্থনীতি, ওষুধশিল্প এবং অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস (এপিআই) খাতের কথা তুলে ধরেন তিনি।

তবে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে শুধু ব্যাংকঋণের ওপর নির্ভর করা যথেষ্ট নয় বলে মন্তব্য করেন ড. মাসরুর রিয়াজ। তিনি বলেন, খেলাপি ঋণের চাপ এবং স্বল্পমেয়াদি আমানতের বিপরীতে দীর্ঘমেয়াদি ঋণ বিতরণের কারণে দেশের ব্যাংকিং খাত নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে। এ অবস্থায় অর্থনীতির ক্রমবর্ধমান অর্থায়নের চাহিদা পূরণে ব্যাংকিং ব্যবস্থার পাশাপাশি বিকল্প অর্থায়নের পথ তৈরি করা প্রয়োজন।

প্যানেল প্রেজেন্টেশনে দেশের আর্থিক খাতের কাঠামোগত সীমাবদ্ধতা তুলে ধরেন শাফী বিন আলম। তিনি জানান, বাংলাদেশের আর্থিক খাতের মোট সম্পদের ৮৮ শতাংশ ব্যাংকগুলোর হাতে কেন্দ্রীভূত। এ ছাড়া ব্যাংকগুলোকে স্বল্পমেয়াদি তহবিল ব্যবহার করে দীর্ঘমেয়াদি ঋণ দিতে হয়। এ পরিস্থিতিতে করপোরেট বন্ড অর্থনৈতিক রূপান্তরের জন্য বিকল্প অর্থায়নের কার্যকর মাধ্যম হতে পারে। তবে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত করপোরেট বন্ডের সংখ্যা মাত্র ১৬টি বলে জানান তিনি।

সেমিনারের শেষ পর্বে প্যানেল আলোচনা ও উন্মুক্ত প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়। এতে দেশের অর্থনীতির তাৎক্ষণিক অগ্রাধিকার, অর্থনৈতিক উন্নয়নে তরুণ প্রজন্মের ভূমিকা এবং খেলাপি ঋণ পুনরুদ্ধারের উপায় নিয়ে আলোচনা করেন বক্তারা। প্যানেল আলোচনা সঞ্চালনা করেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. এম শাহিন সারওয়ার। অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেন প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল মো. আমিনুল আকবর খান।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা