× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেনমোহর ও ভরণপোষণ আদায়ে ঢাবি শিক্ষকের স্ত্রীর মামলা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬ ২১:৪৭ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের শিক্ষক ড. এ বি এম শাহাদাত হোসেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের শিক্ষক ড. এ বি এম শাহাদাত হোসেন।

এক কোটি টাকা যৌতুক দাবি, শারীরিক ও মানসিক নির্যাতন এবং ভরণপোষণ না দেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষকের বিরুদ্ধে মামলা করেছেন তার স্ত্রী। 

মামলায় ৫০ লাখ টাকা দেনমোহর এবং দুই সন্তানসহ নিজের বকেয়া ভরণপোষণ বাবদ মোট ৭০ লাখ ৫৫ হাজার ৫০০ টাকা আদায়ের আবেদন করেছেন তিনি।

অভিযুক্ত শিক্ষক ড. এ বি এম শাহাদাত হোসেন বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের চেয়ারম্যান। তার স্ত্রী রোজিনা সুলতানা এক্সিম ব্যাংক পিএলসির জুনিয়র অফিসার।

এর আগে ২৮ অক্টোবর ঢাকার জজ কোর্টের পারিবারিক আদালত-২-এ মামলাটি দায়ের করেন রোজিনা সুলতানা।

মামলার আরজিতে বলা হয়, সাভারে একই এলাকায় বসবাসের সুবাদে তাদের পরিচয় ও ঘনিষ্ঠতা তৈরি হয়। পরে আত্মীয়স্বজন ও বন্ধুদের সহযোগিতায় ২০২০ সালের ১৬ অক্টোবর তাদের বিয়ে হয়। শিক্ষকের পূর্ববর্তী বিয়ে ও তালাকের তথ্য গোপনসহ বিভিন্ন বিষয় নিয়ে পরবর্তী সময়ে তাদের একাধিকবার বিয়ে ও তালাকের ঘটনা ঘটে। সর্বশেষ ২০২২ সালের ১৫ আগস্ট ৫০ লাখ টাকা দেনমোহর নির্ধারণ করে তারা পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের দুই ছেলে সামিন আব্দুল্লাহ বিন শাহাদাত ও সোহরাব আয়াতুল্লাহ বিন শাহাদাত।

আরজিতে অভিযোগ করা হয়, বিয়ের পর ফ্ল্যাট কেনার জন্য স্ত্রীর পরিবারের কাছে এক কোটি টাকা যৌতুক দাবি করেন শিক্ষক। ওই টাকা দিতে অস্বীকৃতি জানালে স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। একপর্যায়ে সংসারের খরচ ও সন্তানদের ভরণপোষণ বন্ধ করে দিয়ে স্ত্রীকে ভাড়া বাসায় রেখে চলে যান তিনি। পরে স্ত্রীকে তালাকের নোটিশ পাঠানো হয়।

মামলার হিসাব অনুযায়ী, গত চার বছর দুই মাসে বাদী ও দুই সন্তানের ভরণপোষণ বাবদ ব্যয় হয়েছে ২৭ লাখ ১০ হাজার টাকা। এর বিপরীতে শিক্ষক দিয়েছেন ৬ লাখ ৫৪ হাজার ৫০০ টাকা। বকেয়া রয়েছে ২০ লাখ ৫৫ হাজার ৫০০ টাকা।

মামলায় দেনমোহর ও বকেয়া ভরণপোষণের পাশাপাশি ইদ্দতকালীন এবং ভবিষ্যৎ ভরণপোষণও দাবি করেছেন বাদী।

রোজিনা সুলতানা বলেন, “যৌতুক ও নির্যাতনের অভিযোগে এখনও মামলা করা হয়নি। সন্তানদের ভরণপোষণ এবং প্রাপ্য দেনমোহরের টাকা আদায়ের দাবিতে পারিবারিক আদালতে মামলা করেছি।”

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ড. এ বি এম শাহাদাত হোসেনের সঙ্গে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল ধরেননি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুন্সী শামস উদ্দিন আহম্মদ বলেন, “এ ধরনের একটি অভিযোগ আমাদের কাছে এসেছে। বিষয়টি আইনি হওয়ায় সিদ্ধান্তের জন্য বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টার কাছে পাঠানো হয়েছে। তার মতামত পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো যাবে।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা