প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬ ১৯:০৫ পিএম
আন্তর্জাতিক গবেষণা, একাডেমিক উৎকর্ষ ও জ্ঞান বিনিময়ের লক্ষ্যে মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার (IIUM) সঙ্গে যৌথভাবে দুই দিনব্যাপী আন্তর্জাতিক কর্মসূচি শুরু করেছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ (WUB)।
সোমবার (২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ মোরশেদা চৌধুরী অডিটোরিয়ামে ‘ইন্টারন্যাশনাল রিসার্চ, একাডেমিক এক্সিলেন্স অ্যান্ড নলেজ এক্সচেঞ্জ প্রোগ্রাম’ শীর্ষক এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান। এতে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম. নুরুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক জাকি ইমাম।
অনুষ্ঠানে মালয়েশিয়ার IIUM-এর উচ্চপর্যায়ের প্রতিনিধিদল অংশ নেয়। প্রতিনিধিদলে ছিলেন বিশ্ববিদ্যালয়টির রিসার্চ, ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের ডেপুটি রেক্টর অধ্যাপক ড. মোহাম্মদ আসলাম বিন মোহাম্মদ হানিফ, অফিস অব স্ট্র্যাটেজিক ইনস্টিটিউশন ট্রান্সফরমেশনের প্রিন্সিপাল ডিরেক্টর অধ্যাপক ড. শুকরান আবদুর রহমান এবং ডেপুটি রেক্টরের বিশেষ কর্মকর্তা ড. মোহাম্মদ মহিউদ্দিন।
দিনব্যাপী কর্মসূচিতে গবেষণার উৎকর্ষ, উদ্ভাবনী শিক্ষাদান ও শিখন পদ্ধতি এবং বিশ্ববিদ্যালয়ের কৌশলগত নেতৃত্ব ও প্রাতিষ্ঠানিক উন্নয়ন বিষয়ে তিনটি বিশেষ একাডেমিক অধিবেশন অনুষ্ঠিত হয়।
অধ্যাপক ড. মোহাম্মদ আসলাম বিন মোহাম্মদ হানিফ ‘ফ্রম রিসার্চ টু ইমপ্যাক্ট: অ্যাডভান্সিং রিসার্চ এক্সিলেন্স, স্কলারলি পাবলিশিং অ্যান্ড নলেজ ট্রান্সলেশন’ শীর্ষক অধিবেশনে গবেষণার সক্ষমতা বৃদ্ধি, আন্তর্জাতিক মানের গবেষণা প্রকাশনা এবং গবেষণালব্ধ জ্ঞানের ব্যবহারিক প্রয়োগ নিয়ে আলোচনা করেন।
ড. মোহাম্মদ মহিউদ্দিন ‘প্রিপেয়ারিং ফিউচার-রেডি গ্র্যাজুয়েটস: হলিস্টিক স্টুডেন্ট ডেভেলপমেন্ট, ইনোভেটিভ টিচিং অ্যান্ড মিনিংফুল লার্নিং’ শীর্ষক অধিবেশনে শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশ, উদ্ভাবনী শিক্ষাদান পদ্ধতি ও অর্থবহ শিখন প্রক্রিয়ার গুরুত্ব তুলে ধরেন।
অন্যদিকে, অধ্যাপক ড. শুকরান আবদুর রহমান ‘লিডিং ইউনিভার্সিটিজ ফর এক্সিলেন্স অ্যান্ড ইমপ্যাক্ট: একাডেমিক লিডারশিপ, স্ট্র্যাটেজিক গভর্ন্যান্স অ্যান্ড ইনস্টিটিউশনাল চেঞ্জ’ শীর্ষক অধিবেশনে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক নেতৃত্ব, কৌশলগত পরিচালনা ও প্রাতিষ্ঠানিক পরিবর্তন নিয়ে আলোচনা করেন।
এসব অধিবেশনে বিশ্ববিদ্যালয়ের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও প্রশাসনিক কর্মকর্তারা অংশ নেন। এর মাধ্যমে আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময়, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং একাডেমিক যোগাযোগের সুযোগ তৈরি হয়।
দুই দিনব্যাপী এ কর্মসূচির মূল উদ্দেশ্য হলো আন্তর্জাতিক একাডেমিক যোগাযোগ জোরদার, গবেষণা সহযোগিতা সম্প্রসারণ, প্রাতিষ্ঠানিক উৎকর্ষের চর্চা বিনিময় এবং উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে উচ্চশিক্ষার মানোন্নয়নে নতুন সহযোগিতার ক্ষেত্র তৈরি করা। কর্মসূচির দ্বিতীয় দিন মঙ্গলবার (৩ নভেম্বর) একটি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হবে। এ ছাড়া ভবিষ্যৎ গবেষণা, একাডেমিক ও কৌশলগত সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে।