বেরোবি প্রতিনিধি
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬ ১৬:৩১ পিএম
আপডেট : ০২ নভেম্বর ২০২৬ ১৬:৩১ পিএম
চন্দন সূত্রধর রাজ।
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ চন্দন সূত্রধর রাজ।
রবিবার (১ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঢাকার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান।
সহপাঠীদের সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে মাথায় গুলিবিদ্ধ হন চন্দন। এরপর থেকে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। গুলিবিদ্ধ হওয়ার পর উন্নত চিকিৎসার প্রয়োজন হলেও আর্থিক সংকট ও প্রয়োজনীয় সহায়তার অভাবে তাকে দীর্ঘদিন চিকিৎসা নিয়ে ভোগান্তিতে পড়তে হয় বলে অভিযোগ করেছেন তারা।
জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান কুন্তলা চৌধুরী বলেন, ‘আমাদের বিভাগের শিক্ষার্থী চন্দন সূত্রধরের মৃত্যুতে আমরা গভীরভাবে মর্মাহত। বিশেষ করে ডেঙ্গুর মতো একটি রোগে তার মৃত্যু হবে, তা আমাদের কাছে একেবারেই অকল্পনীয় ছিল। তার মৃত্যু আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না।’
তিনি আরও বলেন, ‘চন্দনের চিকিৎসা বাবদ হাসপাতালের কিছু টাকা বকেয়া রয়েছে। ওই বকেয়া পরিশোধসহ অন্যান্য প্রয়োজনে সহযোগিতার জন্য শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করা হচ্ছে এবং অর্থ সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। বিভাগের পক্ষ থেকেও শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করার চেষ্টা চলছে।’
চন্দন জুলাই আন্দোলনের গেজেটভুক্ত যোদ্ধা ছিলেন কি না, জানতে চাইলে তিনি বলেন, জুলাই যোদ্ধাদের গেজেটভুক্ত করার জন্য আবেদন গ্রহণের প্রক্রিয়া চলাকালে চন্দন আবেদন করেননি। ফলে তিনি গেজেটভুক্ত হতে পারেননি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান বলেন, ‘ওই শিক্ষার্থীর পক্ষ থেকে একটি আবেদনপত্র দিতে বলা হয়েছে। আমরা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার ব্যবস্থা করব।’