পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬ ২১:৩১ পিএম
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষার্থীদের দীর্ঘদিনের পরিবহন সংকট নিরসনে প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়ের পরিবহন বহরে যুক্ত হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) দুটি দোতলা বাস। বাস দুটি বরিশাল রুটে চলাচল করবে।
রবিবার (১ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বাস দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান। এ সময় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আতিকুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক মো. জামাল হোসেন, পরিবহন শাখার পরিচালক সহযোগী অধ্যাপক আব্দুর রহিমসহ বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, ‘শিক্ষার্থীদের দীর্ঘদিনের পরিবহন সমস্যা সমাধানে ৫ আগস্টের পর থেকেই নতুন বাস সংযোজনের চেষ্টা করছিলাম। তবে প্রজ্ঞাপনের কারণে নতুন বাস কেনা সম্ভব না হওয়ায় ইউজিসির সঙ্গে আলোচনা করে দুটি দোতলা বাসের অনুমোদন নেওয়া হয়েছে। আশা করছি, বাস দুটি শিক্ষার্থীদের পরিবহন চাহিদা পূরণে ভূমিকা রাখবে।’
তিনি আরও বলেন, ‘বাস দুটি যত্নসহকারে ব্যবহার, নিরাপত্তাবিধি মেনে চলা এবং নির্ধারিত স্টপেজ থেকে ওঠানামার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাচ্ছি।’