বিএম কলেজ প্রতিনিধি
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬ ২০:২৭ পিএম
বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে নারী শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে পৃথক ‘ছাত্রী পাঠকক্ষ’ উদ্বোধন করা হয়েছে। শিক্ষার্থীদের পড়াশোনার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা এবং কেন্দ্রীয় লাইব্রেরির আসন সংকট নিরসনে কলেজ প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থীরা।
রবিবার (১ নভেম্বর) দুপুর ১২টার দিকে কলেজের শহীদ তৌহিদুল ইসলাম কেন্দ্রীয় লাইব্রেরি ভবনের নিচতলায় নামফলক উন্মোচন, ফিতা কাটা ও দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে পাঠকক্ষটির উদ্বোধন করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর কাজী জাবের আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর নূর মোহাম্মদ, গণিত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর জি এম শহীদুল ইসলাম, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আব্দুস সালাম, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর কামরুননেছা এবং কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর কাজী জাবের আহমেদ বলেন, ‘দীর্ঘদিন ধরে এ কলেজে চাকরি করার পাশাপাশি স্থানীয় হওয়ার সুবাদে কলেজের বিভিন্ন সমস্যা সম্পর্কে আমি অবগত। নানাবিধ সীমাবদ্ধতা ও সীমিত সামর্থ্যের মধ্যেও আমরা ছাত্রী পাঠকক্ষ চালু করতে পেরেছি। বিএম কলেজের শিক্ষার্থীদের উন্নত মানসিকতা ও মেধার বিকাশে আমরা বদ্ধপরিকর।’
তিনি আরও বলেন, দ্রুত সময়ের মধ্যে পাঠকক্ষটিতে আধুনিক ও প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা হবে। পাশাপাশি এটিকে সেমিনার ও কর্মশালা আয়োজনের উপযোগী করে গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে।
গণিত বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী পিয়াংকা বলেন, ‘নারী শিক্ষার্থীদের কথা বিবেচনা করে এমন উদ্যোগ গ্রহণ করায় আমরা অত্যন্ত আনন্দিত। কলেজ প্রশাসনকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। এটি সত্যিই একটি প্রশংসনীয় পদক্ষেপ।’
নতুন পাঠকক্ষ চালু হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থীরাও। তাদের মতে, পৃথক এ পাঠকক্ষ নারী শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হতে সহায়তা করবে। পাশাপাশি কলেজের শিক্ষা ও পাঠচর্চার পরিবেশ উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখবে।