প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬ ১৮:৩৯ পিএম
একাডেমিক, গবেষণা ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার ইউনিভার্সিটি তুন আবদুল রাজাকের (UNIRAZAK) সঙ্গে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ (WUB)। গত ২৭ অক্টোবর মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত ইউনিরাজাক ক্যাম্পাসে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
সমঝোতা স্মারকের আওতায় দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ পিএইচডি তত্ত্বাবধান, শিক্ষক ও শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা ও প্রকাশনা এবং যৌথ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রোগ্রাম চালুর উদ্যোগ নেওয়া হবে। এ ছাড়া আন্তর্জাতিক সম্মেলন, সিম্পোজিয়াম, সেমিনার, কর্মশালা ও পেশাগত প্রশিক্ষণ কর্মসূচি যৌথভাবে আয়োজনের বিষয়টিও চুক্তিতে অন্তর্ভুক্ত রয়েছে।
সমঝোতা স্মারক স্বাক্ষরের আগে দুই বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ প্রতিনিধিরা একটি উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেন। এতে সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র চিহ্নিত করা, ভবিষ্যৎ যৌথ কার্যক্রমের রূপরেখা প্রণয়ন এবং প্রস্তাবিত উদ্যোগগুলো বাস্তবায়নের কার্যকর পদ্ধতি নির্ধারণের বিষয়ে আলোচনা হয়।
ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের ভাইস-চেয়ারম্যান। প্রতিনিধি দলে আরও ছিলেন একাডেমিক অ্যাফেয়ার্স অ্যান্ড রিসার্চের ডিন অধ্যাপক ড. এ.কিউ.এম. শফিউল আজম এবং ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের ডিন অধ্যাপক ড. সেলিম আহমেদ।
অন্যদিকে, ইউনিরাজাকের (UNIRAZAK) পক্ষে প্রতিনিধিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সামসিনার মোহাম্মদ সিদ্দিন, চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ ফাইরুজ মোহাম্মদ নূর, গবেষণাবিষয়ক উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেয়াসুদ্দিন, একাডেমিকবিষয়ক উপ-উপাচার্য ড. সুলাস্ত্রি ইয়াহইয়া, গবেষণা ও অংশীদারত্ববিষয়ক পরিচালক ড. কিথ চং পেং লিন, মার্কেটিং অ্যান্ড সেলস জ্যেষ্ঠ পরিচালক মোহাম্মদ আশরাফ সামসুলদিন, অধ্যাপক ড. গাজী মো. নুরুল ইসলাম এবং আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক পরিচালক উই মা লিংল।
অনুষ্ঠানে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের পক্ষে বোর্ড অব ট্রাস্টিজের ভাইস-চেয়ারম্যান এবং ইউনিরাজাকের পক্ষে উপাচার্য অধ্যাপক ড. সামসিনার মোহাম্মদ সিদ্দিন সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। পরে দুই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে চুক্তির কপি বিনিময় করেন।
এ অংশীদারত্বের মাধ্যমে দুই বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সহযোগিতা, একাডেমিক উৎকর্ষ, গবেষণায় উদ্ভাবন ও জ্ঞান বিনিময়ের ক্ষেত্র আরও সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকদের জন্য নতুন সুযোগ সৃষ্টি, আন্তর্জাতিক একাডেমিক নেটওয়ার্ক জোরদার এবং উচ্চশিক্ষা ও টেকসই উন্নয়নে অবদান রাখার সম্ভাবনা তৈরি হবে।